Mamata Banerjee: গণনার আগে গভীর রাতে কর্মীদের বিশেষ বার্তা মমতার, ফের উঠে এল লোডশেডিং তত্ত্ব
WB Assembly Election Result 2026: মধ্যরাত। ঘড়িতে তখন ১টা বা দেড়টা বাজে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। দলের কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা। রাত জেগে পাহারা দেওয়ার পরামর্শ দেন তিনি। মমতা লেখেন, "সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।"

কলকাতা : সোমবারের সূর্য কার? বাংলার মসনদে কে বসতে চলেছে? আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা আজ। সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ইভিএম গণনা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাউন্টিং এজেন্টদের (Counting Agent) ভোর ভোরই গণনাকেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এবার ভোট গণনা শুরুর আগে গভীর রাতে কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্টে আবারও উঠে এল লোডশেডিং তত্ত্ব।
রাত জাগুন…পাহারা দিন…
মধ্যরাত। ঘড়িতে তখন ১টা বা দেড়টা বাজে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। দলের কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা। রাত জেগে পাহারা দেওয়ার পরামর্শ দেন তিনি। মমতা লেখেন, “সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।” জানা গিয়েছে, তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে রাত জেগেই পাহারা দিয়েছেন স্ট্রং রুমে। তৃণমূল নেত্রী জানিয়েছেন, তিনি নিজেও রাত জেগে পাহারা দিয়েছেন, সব দিকে নজর রেখেছেন।
লোডশেডিং তত্ত্ব
তৃণমূল নেত্রীর পোস্টে আবারও উঠে আসে লোডশেডিং তত্ত্ব। যার শুরুটা হয়েছিল নন্দীগ্রাম থেকে। তৃণমূল নেত্রী লেখেন, “বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে।” উল্লেখ্য, কুণাল ঘোষ নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেন ক্ষুদিরাম অনুশীলনের টিভির স্ক্রিন কালো হয়ে রয়েছে। সিসিটিভি ক্যামেরা বন্ধ। কৃষ্ণনগর থেকে একই অভিযোগ করেছেন মহুয়া মৈত্রও।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনে এগুলো হচ্ছে। পোস্টে কর্মীদের বার্তা দিয়ে লেখেন,” দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন , সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন।” রাত জেগে স্ট্রং রুম পাহারা দেওয়ার বার্তা আগেই কর্মীদের দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেইমতো রাতভর তৎপর ছিলেন প্রার্থী ও কর্মীরা। গণনার আগের রাতে বিদায়ী মুখ্যমন্ত্রীর পোস্ট যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
