Suvendu Adhikari Convoy Reduced: নিজের কনভয়ের সংখ্যা কমালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, বাসে চেপে শপথ নিতে গেলেন বিধায়করা
Fuel Saving Measures West Bengal: নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু মুখ্যমন্ত্রীই নন, জ্বালানি বাঁচাতে আজ বিধানসভায় বিজেপি বিধায়করাও বাসে চড়ে আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে।

কলকাতা: আজ বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (West Bengal CM Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই হাঁটছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী যেমন নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন, সেই পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় করতে নিজের কনভয়ের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন। তাঁর দেখাদেখি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বিধানসভায় শপথ নেওয়ার আগে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, জ্বালানি বাঁচাতে আজ বিধানসভায় বিজেপি বিধায়করাও বাসে চড়ে আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। আগামিদিনে মন্ত্রিসভা গঠিত হওয়ার পরও জ্বালানি বাঁচাতে নেতা-মন্ত্রীরা এই পথে হাঁটবেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশে সপ্তাহে একদিন নো ভেহিকেল ডে ঘোষণা করা হয়েছে। একই পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গও।
অন্যদিকে, আজ বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমেই শপথ নেবেন বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।
আজ ও বৃহস্পতিবার-দুইদিন ধরে বিধানসভায় শপথ গ্রহণের অনুষ্ঠান চলবে। মোট ২৯০ জন জয়ী বিধায়ক শপথ গ্রহণ করবেন। জানা গিয়েছে, আজ শপথ নেবেন উত্তরের ৯ জেলা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিধায়করা। আগামিকাল শপথ নেবেন বাকি ১১ জেলার বিধায়করা।
