Weather Update: কলকাতা থেকে মাত্র ৩০ কিমি দূরে অবস্থান, রাতভর দফায় দফায় বৃষ্টির অ্য়ালার্ট
Heavy Rain Update: মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হবে। তারপর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকছে এখনও। তাই মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতা: গভীর নিম্নচাপের ছায়া বাংলার আকাশে। তার জেরেই সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি চলছে কলকাতা সহ একাধিক জেলায়। রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। নিত্যযাত্রীদের রীতিমতো হয়রান হতে হয়েছে। জলমগ্ন রাস্তাঘাট। এবার সেই গভীর নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে।
হাওয়া অফিসের সোমবার বিকেলের আপডেট বলছে, কলকাতা থেকে ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ। বর্ধমান থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেই অবস্থান। বাঁকুড়া থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এবং ওড়িশার বালাসোর থেকে ১৯০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সেই অবস্থান।
আগামী ২৪ ঘন্টার মধ্যেই নিম্নচাপ ক্রমশ ঝাড়খন্ড এবং বিহারের দিকে এগিয়ে যাবে বলে জানা গিয়েছে।
২০০ মিলিমিটার বৃষ্টির সতর্কতা
সোমবার চরম বৃষ্টির লাল সর্তকতা জারি রয়েছে একাধিক জেলায়। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকছে। অর্থাৎ বৃষ্টি হতে পারে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। এই জেলাগুলির কিছু অংশে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
