7th Pay Commission: সপ্তম পে কমিশন চালুর পথে আরও বড় উদ্যোগ, সরকারি কর্মীদের জন্য সুযোগ এনে দিল নবান্ন
West Bengal 7th Pay Commission: অনলাইনে মতামত ও লিখিত স্মারকলিপি জমা নেওয়ার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কেবল এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই সব ধরনের পরামর্শ ও প্রস্তাব জমা দেওয়া যাবে।

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ করল নবান্ন। রাজ্যের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি এবং পেনশন-সহ নানা অবসরকালীন সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের লক্ষ্যে সংগঠন ও ব্যক্তিগত পর্যায় থেকে মতামত চেয়েছে সপ্তম পে কমিশন।
অনলাইনে মতামত ও লিখিত স্মারকলিপি জমা নেওয়ার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কেবল এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই সব ধরনের পরামর্শ ও প্রস্তাব জমা দেওয়া যাবে। ই-মেল, ডাক মারফত পাঠানো কাগজ বা অন্য কোনও হার্ডকপি এবং সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
উল্লেখযোগ্যভাবে, গত ২২ জুলাই রাজ্য সরকারের তরফে সপ্তম বেতন কমিশন গঠনের সরকারি রেজোলিউশন জারি করা হয়েছিল। এরপরই এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করে সর্বসাধারণ ও সরকারি কর্মীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার প্রক্রিয়া শুরু করল কমিশন। সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে বকেয়া সুবিধা ও নতুন বেতন কাঠামোর আশায় থাকা রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কিছুটা হলেও আশার আলো দেখছেন।
