Illegal Toll Gates West Bengal: টাকা আদায় রুখতে কড়া পদক্ষেপ! অবৈধ টোল গেট বন্ধের নির্দেশিকা সরকারের
Illegal toll gates: এই ধরণের অবৈধ কেন্দ্রে কোনও প্রকার ফি বা শুল্ক আদায় করা আইনত দণ্ডনীয় এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে। যদি এই নির্দেশ পালনে কোনও প্রকারের গাফিলতি লক্ষ্য করে প্রশাসন, তাহলে সেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।

কলকাতা: রাজ্যজুড়ে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং বেআইনি কর আদায় রুখতে মুখ্যসচিব কড়া পদক্ষেপ করেছে। মুখ্যসচিবের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে অবৈধ টোল বা ড্রপ গেট বন্ধ করতে হবে।
নির্দেশিকায় যে বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে:
অবিলম্বে উচ্ছেদ ও বন্ধকরণ
জেলাগুলিতে যে সমস্ত টোল গেট বা ড্রপ গেট সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চলছে, সেগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের (DM) নিজ নিজ এলাকায় এই ধরণের অবৈধ কেন্দ্রগুলি চিহ্নিত করে তা সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য সংগ্রহ ও নজরদার
জেলার সমস্ত বৈধ এবং অবৈধ আদায় কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। এতে টেন্ডারের মেয়াদ এবং আদায়কারী কর্তৃপক্ষের নাম থাকা বাধ্যতামূলক। আগামী ১৫ মে, দুপুর ১২টার মধ্যে এই তালিকা আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
কড়া সতর্কতা ও আইনি ব্যবস্থা
এই ধরণের অবৈধ কেন্দ্রে কোনও প্রকার ফি বা শুল্ক আদায় করা আইনত দণ্ডনীয় এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে। যদি এই নির্দেশ পালনে কোনও প্রকারের গাফিলতি লক্ষ্য করে প্রশাসন, তাহলে সেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, নতুন সরকারের আমলে তোলিবাজি বা কোনও রকমের ‘কাটমানি’-ট্রেন্ডকে বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, হাইওয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পণ্যবাহী লরি নিয়ে আসার ক্ষেত্রে টাকা দিতে হয়। অবৈধভাবে টাকা আদায় বা তোলাবাজি বন্ধে প্রশাসন যে কড়া অবস্থান নিচ্ছে, তা এই নির্দেশিকা থেকেই স্পষ্ট।
