New Metro in Bengal: কেন ১৬ বছর আটকে ছিল বরাহনগর-ব্যারাকপুর মেট্রোর কাজ? কোন কোন নতুন স্টেশন পাচ্ছে বাংলা?
Baranagar-Barrackpore Metro: সূত্রের খবর, এই মেট্রো প্রকল্পে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মোট ১২.৫ কিমি রাস্তা থাকছে। প্রস্তাবিত স্টেশন মোট ১০টি। বরাহনগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর , খড়দহ, টাটা গেট, টিটাগর, তালপুকুর, ব্যারাকপুর।

কলকাতা: বদলেছে সরকার। আশার আলো রাজ্যের আরও এক মেট্রো প্রকল্প ঘিরে। তৃণমূল আমলে এই প্রকল্প নিয়ে সামান্য আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু বিষয়টি আর এগোয়নি। মাত্র ১০ শতাংশ কাজ হয়েই থমকে গিয়েছিল পুরো ভাবনাচিন্তা। সূত্রের খবর, বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে জটিলতা অবশেষে কাটতে চলেছে। দরপত্র প্রকাশিত, সাড়ে তিন বছরে কাজ শেষ হবে, কাজের সমীক্ষার দায়িত্ব আইআইটি খড়গপুরকে।
সূত্রের খবর, এই মেট্রো প্রকল্পে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মোট ১২.৫ কিমি রাস্তা থাকছে। প্রস্তাবিত স্টেশন মোট ১০টি। বরাহনগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর , খড়দহ, টাটা গেট, টিটাগর, তালপুকুর, ব্যারাকপুর।
প্রকল্প যখন ঘোষণা করা হয়েছিল তখন বরাদ্দ ছিল ২০৭০ কোটি টাকা। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন ২০১০ সালে। ২০১১ সালে বিটি রোডে সামান্য নড়াচড়া হয় এই সংক্রান্ত ফাইল। তারপর দীর্ঘ ১৬ বছর ধরে আটকে এই প্রকল্প। এই মেট্রো প্রকল্পে প্রথম থেকেই বড়সড় চ্যালেঞ্জ বেশ কিছু জলের পাইপ লাইন নিয়ে। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, মোট ছয়টি পাইপ লাইন রয়েছে। ৬৪ ইঞ্চি, ৬০ ইঞ্চি, ৪২ ইঞ্চি, ৪৮ ইঞ্চি, ৭২ ইঞ্চি, ৬২ ইঞ্চি। পলতা জল প্রকল্প থেকে মোট ২৪ কোটি গ্যালন জল টালা জলাধারে পৌঁছয়। টালা জলাধার থেকে সেই জল দক্ষিণ কলকাতার একাংশ, উত্তর কলকাতা এবং সল্টলেকের একাংশে পৌঁছায়। আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা এ নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। মাইক্রো টানেলিং প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মাটির নীচে বিকল্প পাইপলাইন বসানোর পরিকল্পনা হয়েছে।
