পিতৃত্বকালীন ছুটির আর্জি রাঘব চাড্ডার! কী বললেন স্ত্রী পরিণীতি?
গত বছর ১৯ অক্টোবর রাঘব ও পরিণীতির জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান, 'নীর'। মা হওয়ার পর থেকেই পরিণীতিকে খুব একটা রুপোলি পর্দায় দেখা যায়নি, বরং তিনি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। অন্যদিকে, রাঘবও সংসদের কাজের পাশাপাশি সামলাচ্ছেন বাবার দায়িত্ব। এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই যে রাঘব সংসদে এমন প্রস্তাব রেখেছেন, তা বলাই বাহুল্য।

সংসদ ভবনে দাঁড়িয়ে এবার এক অত্যন্ত জরুরি, সংবেদনশীল বিষয়ে আবেদন জানিয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তাঁর দাবি, ভারতে কেবল মায়েদের নয়, বাবাদের জন্যও আইনত ‘প্যাটারনিটি লিভ’ বা পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হোক। স্বামীর এই যুগান্তকারী পদক্ষেপে গর্বে বুক ভরে গিয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে তিনি জানিয়েছেন, রাঘবের এই চিন্তাভাবনা দেশের অগণিত মায়ের লড়াইকে স্বীকৃতি দেবে।
এদিন রাজ্যসভায় বক্তব্য রাখার সময় রাঘব চাড্ডা বলেন, সন্তান জন্ম নেওয়ার পর সাধারণত সব দায়িত্ব গিয়ে পড়ে মায়ের ওপর। কিন্তু একটি শিশুকে বড় করে তোলার দায়িত্ব বাবা-মা উভয়েরই। রাঘবের কথায়, “সন্তান হওয়ার পর অভিভাবক দুজনেই, কিন্তু যত্ন নেওয়ার দায়িত্ব এসে পড়ে একজনের ওপর। একজন বাবাকে কেন তাঁর কাজ আর সন্তানের দেখভালের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হবে?” তিনি আরও জানান, প্রসবের পর একজন মহিলার তাঁর স্বামীর সঙ্গ সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই পিতৃত্বকালীন ছুটি কেবল বিলাসিতা নয়, এটি একটি আইনি অধিকার হওয়া উচিত।
রাঘবের বক্তব্যের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পরিণীতি লেখেন, “খুব গর্বের সঙ্গে বলছি, এই চিন্তাশীল মানুষটিই আমার স্বামী এবং আমার সন্তানের বাবা।” পরিণীতি আরও যোগ করেন যে, রাঘব নিজেও একজন অত্যন্ত দায়িত্বশীল বাবা। ঘরের কাজে এবং সন্তানের দেখাশোনায় তিনি সবসময় পাশে থাকেন বলেই বিষয়টি তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত। পরিণীতির মতে, রাঘবের এই উদ্যোগ সেইসব মায়েদের আশার আলো দেখাবে, যাঁরা সন্তান হওয়ার পর একাকীত্বে ভোগেন।
View this post on Instagram
গত বছর ১৯ অক্টোবর রাঘব ও পরিণীতির জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান, ‘নীর’। মা হওয়ার পর থেকেই পরিণীতিকে খুব একটা রুপোলি পর্দায় দেখা যায়নি, বরং তিনি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। অন্যদিকে, রাঘবও সংসদের কাজের পাশাপাশি সামলাচ্ছেন বাবার দায়িত্ব। এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই যে রাঘব সংসদে এমন প্রস্তাব রেখেছেন, তা বলাই বাহুল্য। রাঘব চাড্ডার এই সাহসী এবং আধুনিক প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা।
