হাঁটুর ব্যথায় নাজেহাল? এই ঘরোয়া টোটকাতেই মুক্তি
গবেষণা বলছে, এই প্রতিটি উপাদানের আলাদা আলাদা গুণ রয়েছে যা একসঙ্গে ব্যথার ওপর কাজ করে। ক্যাস্টর অয়েল ত্বকের গভীরে গিয়ে পেশি ও হাড়ের সংযোগস্থলের জড়তা কাটিয়ে দেয়। আদার গুঁড়ো রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে ব্যথার অনুভূতি কমে। হলুদ প্রাকৃতিক অ্যান্টি-সেপটিক এবং এটি প্রদাহ বা ফোলা ভাব কমাতে ওস্তাদ। আর মেথি হাড়ের সন্ধিস্থলকে মজবুত করতে সাহায্য করে।

বয়স বাড়লে তো বটেই, ইদানীং অল্পবয়সিদের মধ্যেও হাঁটু কিংবা কোমরের ব্যথা যেন রোজকার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ, শরীরচর্চার অভাব আর ভুলভাল খাওয়াদাওয়ার ফল ভোগ করতে হচ্ছে শরীরকে। পেশির টান বা গাঁটে গাঁটে ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই মুড়ি-মুড়কির মতো পেনকিলার খান। কিন্তু জানেন কি, এই সব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আপনার শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে? অথচ আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান, যা দিয়ে তৈরি একটি ঘরোয়া প্রলেপ মুহূর্তেই কমিয়ে দিতে পারে ব্যথার দাপট। দামি ওষুধ বা কেমিক্যালযুক্ত মলমের চেয়েও অনেক বেশি কার্যকর হতে পারে এই দেশি টোটকা।
কী কী প্রয়োজন এই প্রলেপ তৈরি করতে?
কাস্টর অয়েল: এটি হবে আপনার লেপের মূল ভিত্তি।
শুকনো আদা: এক চিমটি।
হলুদ গুঁড়ো: এক চিমটি (চেষ্টা করবেন খাঁটি হলুদ ব্যবহার করতে)।
মেথি গুঁড়ো: এক চিমটি।
কীভাবে তৈরি করবেন এবং লাগাবেন?
এই লেপ তৈরি করা ভীষণ সহজ! কোনও কিছু গরম করার বা ফোটানোর ঝামেলাই নেই। এক মিনিটও সময় লাগবে না এটি বানাতে।
প্রথমে সামান্য ক্যাস্টর অয়েল নিন।
তাতে একে একে শুকনো আদা, হলুদ এবং মেথি গুঁড়ো মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
ব্যথার জায়গায় বা হাঁটুর চারপাশে এই লেপটি আলতো করে মেখে নিন।
ভালো ফল পেতে এটি রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে সারারাত রেখে দিতে পারেন। চাইলে দিনের বেলাতেও কয়েক ঘণ্টা লাগিয়ে রাখা যায়।
কেন এই টোটকা এত কার্যকর?
গবেষণা বলছে, এই প্রতিটি উপাদানের আলাদা আলাদা গুণ রয়েছে যা একসঙ্গে ব্যথার ওপর কাজ করে। ক্যাস্টর অয়েল ত্বকের গভীরে গিয়ে পেশি ও হাড়ের সংযোগস্থলের জড়তা কাটিয়ে দেয়। আদার গুঁড়ো রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে ব্যথার অনুভূতি কমে। হলুদ প্রাকৃতিক অ্যান্টি-সেপটিক এবং এটি প্রদাহ বা ফোলা ভাব কমাতে ওস্তাদ। আর মেথি হাড়ের সন্ধিস্থলকে মজবুত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, শুধুমাত্র প্রলেপ লাগালেই হবে না। শরীরে ক্যালসিয়াম, প্রোটিন বা ভিটামিন ডি-এর অভাব থাকলেও হাড়ের ব্যথা বাড়তে পারে। তাই ডায়েটের দিকেও নজর দেওয়া জরুরি। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে মাঝেমধ্যে হাঁটাচলা করাটাও দরকার। এরপরও যদি ব্যথা না কমে, তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন।
