মাথাব্যথা, চোখের সামনে হঠাৎ আলোর ঝলকানি! দুর্বল হচ্ছে দৃষ্টিশক্তি?
চোখের সামনে হঠাৎ আলোর ঝলকানি, ছোট ছোট কালো দাগ কিংবা বিদ্যুতের রেখার মতো কিছু দেখতে পাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। অনেক সময় মাইগ্রেনের কারণে এমন সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে 'ভিজ্যুয়াল অরা' বলা হয়।

সারাদিন মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের সামনে কাজ করার অভ্যাস এখন অনেকেরই। আর তার জেরেই বাড়ছে চোখের নানা সমস্যা। কখনও মাথাব্যথা, কখনও চোখে অস্বস্তি, আবার কখনও চোখের সামনে হঠাৎ আলোর ঝলকানি। অনেকেই এই সমস্যাগুলিকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলির কিছু কিছু দুর্বল দৃষ্টিশক্তি বা চোখের অন্য কোনও সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।
কেন মাথাব্যথা ও চোখে ব্যথা হয়?
চিকিৎসক দিগ্বিজয় সিংয়ের (কনসালট্যান্ট অফথ্যালমোলজি, ধর্মশিলা নারায়ণা হাসপাতাল) মতে, দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে। বিশেষ করে যাঁদের দৃষ্টিশক্তি কম, তাঁদের স্পষ্ট দেখার জন্য অজান্তেই চোখের উপর বেশি চাপ দিতে হয়। এর ফলে চোখের পেশিতে ক্লান্তি তৈরি হয়। সেই সঙ্গে কপালে ব্যথা এবং মাথাব্যথার সমস্যাও দেখা দিতে পারে।
এ ছাড়া চশমার ভুল পাওয়ার কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়া সত্ত্বেও চশমা ব্যবহার না করার কারণেও এই সমস্যা হতে পারে। তবে সব ধরনের মাথাব্যথার সঙ্গে চোখের দুর্বলতার সম্পর্ক রয়েছে, এমনটা নয়। মাথাব্যথার পাশাপাশি চোখে ব্যথা হলে চোখের ভিতরে চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
চোখের সামনে আলোর ঝলকানি কি বিপদের সংকেত?
চোখের সামনে হঠাৎ আলোর ঝলকানি, ছোট ছোট কালো দাগ কিংবা বিদ্যুতের রেখার মতো কিছু দেখতে পাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। অনেক সময় মাইগ্রেনের কারণে এমন সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘ভিজ্যুয়াল অরা’ বলা হয়। অর্থাৎ মাথাব্যথার সঙ্গে চোখের সামনে আলো ঝলকানো মাইগ্রেনের লক্ষণও হতে পারে।
তবে সব ক্ষেত্রে বিষয়টি সাধারণ নয়। চোখের রেটিনায় টান পড়লে কিংবা রেটিনা তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গেলে চোখের সামনে হঠাৎ আলোর ঝলকানি দেখা দিতে পারে। বিশেষ করে আলোর ঝলকানির পাশাপাশি আচমকা অনেকগুলি কালো দাগ দেখতে পেলে অথবা চোখের সামনে পর্দার মতো কিছু নেমে আসার অনুভূতি হলে একেবারেই অবহেলা করা উচিত নয়। দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
দৃষ্টিশক্তি দুর্বল হলে কী কী লক্ষণ দেখা যায়?
– দূরের কিংবা কাছের জিনিস স্পষ্ট দেখতে অসুবিধা হওয়া। – পড়ার সময় বারবার চোখ ছোট করে দেখতে চেষ্টা করা। – মোবাইল বা বই চোখের একেবারে কাছে এনে পড়া। – চোখে সব সময় ক্লান্তি, জ্বালা কিংবা ভারী ভাব অনুভব করা। – রাতে গাড়ি চালানোর সময় রাস্তা দেখতে অসুবিধা হওয়া। – দীর্ঘক্ষণ পড়াশোনা বা স্ক্রিন দেখার পর মাথাব্যথা শুরু হওয়া। – কোনও জিনিস ঝাপসা কিংবা দুটি করে দেখা।
এই লক্ষণগুলি দেখা দিলে চোখের পরীক্ষা করানো প্রয়োজন।
চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কী করবেন?
চোখ সুস্থ রাখতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে যাঁদের দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারে কাজ করতে হয়, তাঁদের মেনে চলা উচিত ‘২০-২০-২০’ নিয়ম।
এই নিয়ম অনুযায়ী, প্রতি ২০ মিনিট অন্তর অন্তত ২০ সেকেন্ডের জন্য চোখ সরিয়ে প্রায় ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে তাকাতে হবে। এতে চোখের উপর চাপ কিছুটা কমে।
