Skaters Death: ১৫ বছরের স্কেটারের মর্মান্তিক মৃত্যু, বড় প্রশ্নের মুখে স্কেটিংয়ের নিরাপত্তা!
Matilda Ferrari: ফিগার স্কেটাররা বরফের উপর ঘন্টায় ২০ মাইল পর্যন্ত গতিতে চলতে পারেন। সেই গতিতে সংঘর্ষ হলে শরীরে বড় ধরণের আঘাত লাগতে পারে। স্কেটের ধারালো ব্লেডও দুর্ঘটনার সময় গুরুতর চোটের কারণ হয়। এছাড়া অনুশীলনের সময় পড়ে গেলেও চোট লাগে।

কলকাতা : স্কেটিং জিনিসটা দেখতে খুব মজাদার। বরফ কেটে সাঁই সাঁই করে এগিয়ে যাওয়া যায়। কিন্তু ভাবুন তো, যদি কেউ স্কেটিং করা কালীন অন্য একজনের সঙ্গে ধাক্কা খান, কতটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে? এটাই ঘটেছে। ধাক্কা লেগে মৃত্যু হয়েছে ১৫ বছরের স্কেট অ্যাথলিট ম্যাটিলডা ফেরারি। এরপরেই উঠছে বেশ কিছু প্রশ্ন।
সোমবার, ১৫ সেপ্টেম্বর ইতালির ট্রেনটিনো এলাকার ভাল রেন্দেনায় এক দুর্ঘটনাতে তাঁর মৃত্যু হয়। পিনজোলোর একটি ক্লাবে প্রশিক্ষণ নিতেন ম্যাটিলডা। ছোট থেকেই ফিগার স্কেটিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ ও ভালবাসা ছিল। তাঁর স্বপ্ন ছিল একদিন উইন্টার অলিম্পিকসে দেশের হয়ে খেলতে নামা। তাঁর অকালমৃত্যুতে তাঁর পরিবার, সতীর্থ, কোচ ও ইতালির স্কেটিং মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন ম্যাটিলডার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। তাঁর পরিবার ও ইতালির স্কেটিং সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছে ইউনিয়ন।
ফিগার স্কেটাররা বরফের উপর ঘন্টায় ২০ মাইল পর্যন্ত গতিতে চলতে পারেন। সেই গতিতে সংঘর্ষ হলে শরীরে বড় ধরণের আঘাত লাগতে পারে। স্কেটের ধারালো ব্লেডও দুর্ঘটনার সময় গুরুতর চোটের কারণ হয়। এছাড়া অনুশীলনের সময় পড়ে গেলেও চোট লাগে। আসলে, এসব খেলায় তরুণ পারফর্মাররা ভাল পারফর্ম করতে চায়। অনেক সময় চোট লুকিয়েও তাঁরা খেলেন। তাই কোচ ও অভিভাবকদের উচিত পারফরম্যান্সের পাশাপাশি শারীরিক দিকেও নজর রাখা।
এই ধরণের ঘটনা আসলে স্কেটিংয়ে আরও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। অনুশীলনের সময় বরফে কতজন স্কেটার থাকবেন, দুজনের মধ্যে কানেকশন, ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার দিকেও প্রশিক্ষকদের শিক্ষা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, তরুণ ক্রীড়াবিদরা যাতে চোটের কথা লুকিয়ে না যান, সেই দিকে কড়া নজর দেওয়া দরকার। একজন খেলোয়াড়ের সাফল্য কখনোই তাঁর সুস্থতার থেকে বড় নয়।
