Asian Games 2026: এক রুমেই থাকবেন কোচ ও অ্যাথলিট, এশিয়ানের অব্যবস্থা নিয়ে সরব বঙ্গকন্যা প্রণতি!
Pranati Nayak: এশিয়ান গেমসের শুরু থেকেই একের পর এক বিশৃঙ্খলাতে ভুগছে নানা দল। আয়োজকদের তরফ থেকে পরে দুঃখপ্রকাশ করা হয়। আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের ২০তম আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

জাপান : শুরু হওয়ার আগেই একের পর এক বিতর্কে পড়ছে এশিয়ান গেমস। এর আগে সামনে এসেছিল অ্যাক্রিডিটেশন কার্ড যাচাই ও থাকার ব্যবস্থা নিয়ে অব্যবস্থা। এবার আবাসন সংক্রান্ত অব্যবস্থা নিয়ে আবার চর্চায় জাপানের এশিয়ান গেমস। বাঙালি জিমন্যাস্ট প্রণতি নায়েক ও তাঁর কোচ অশোক মিশ্রকে একই ঘরে থাকতে দেওয়া হয়েছিল, যা নিয়ে বিতর্কের শেষ নেই।
শোনা গিয়েছে, নাগোয়াতে পৌঁছে প্রণতিরা দেখেন খেলোয়াড়দের থাকার নির্দিষ্ট ক্রুজে থাকার জায়গায় পুরুষ কোচের সঙ্গেই এক ঘরে থাকতে হবে অ্যাথলিটদের। এটি এশিয়ান গেমসের নিয়মবিরুদ্ধ। সঙ্গে সঙ্গে তাঁরা ক্রুজের ম্যানেজার ও এশিয়ান কমিটির কাছে অভিযোগ জানান। কিন্তু বেশ কিছুক্ষন অপেক্ষা করেও কোনও সমাধান পাওয়া যায়নি। পরে Indian Olympic Association-এর হস্তক্ষেপে তাঁদের বিকল্প থাকার ব্যবস্থা করা হয়।
হোটেলে পৌঁছে রুমের চাবি নিতে গিয়েও বিপাকে পড়েন অশোক। তাঁকে জানানো হয় যে তাঁর নামে কোনও বুকিং নেই। প্রণতি নিয়ে সংবাদমাধ্যমকে জানান, থাকার বিষয়ে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু রাত ২টো নাগাদ তা মিটে যায়। কিন্তু নিজের ঘরের চাবি পেতে আরও ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় কোচ অশোক মিশ্রকে। জানা গিয়েছে, অশোকের নামের বানানে ভুল থাকার কারণে নতুন করে তথ্য সংশোধন করতে হয় আর তার ফলেই দেরি হয়। শেষ অবধি রাত ২টো নাগাদ নিজের ঘরে ঢুকতে পারেন অশোক।
এশিয়ান গেমসের শুরু থেকেই একের পর এক বিশৃঙ্খলাতে ভুগছে নানা দল। আয়োজকদের তরফ থেকে পরে দুঃখপ্রকাশ করা হয়। আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের ২০তম আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। তবে তার আগেই ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, সফ্ট টেনিস, টেকবলসহ বেশ কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেই প্রণতিদের রুম সংক্রান্ত এই বিতর্ক আবার ব্যাকফুটে ঠেলে দিল এই আয়োজনকে।
