AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brazil Football Team: ভারতের বিরুদ্ধে ৪-০ জিতেও শান্তি নেই, ব্রাজিল দলকে সমালোচনা সেদেশের মিডিয়ার!

IND vs BRA: ব্রাজিলের মিডিয়া ত্রিভেলা লিখেছে, কলকাতার স্টেডিয়ামে বেশ কিছু সিট খালি ছিল। তাও ব্রাজিল কেন ভারতের বিরুদ্ধে খেলল? ব্রাজিলে অনেক অঞ্চল আছে, যেখানে বহু বছর ধরে ব্রাজিলের ম্যাচ খেলা হয়নি। সেই সব অঞ্চলে খেলা হলে আরও উন্মাদনা বাড়ত।

Brazil Football Team: ভারতের বিরুদ্ধে ৪-০ জিতেও শান্তি নেই, ব্রাজিল দলকে সমালোচনা সেদেশের মিডিয়ার!
ভারতকে ৪-০ হারিয়েছে ব্রাজিল।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 7:34 PM
Share

কলকাতা : সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের গিয়েই পুরুষদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। স্কোরলাইন দেখে বড় ব্যবধানের জয় মনে হলেও, ম্যাচের পর ব্রাজিলের সংবাদমাধ্যমের বড় অংশই তাদের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয়। বিশ্ব ক্রমতালিকায় ১৩৮ নম্বরে আছে ভারত। ৬ নম্বরে আছে ব্রাজিল। এই দুই দলের শক্তির পার্থক্য বিশাল, তাই ব্রাজিলের কাছে বড় জয় প্রত্যাশিতই ছিল। কিন্তু এই ম্যাচ দেখে ব্রাজিলের সংবাদমাধ্যম রীতিমতো তিতিবিরক্ত।

ব্রাজিলের সংবাদমাধ্যম UOL তাদের প্রতিবেদনে এই ম্যাচকে স্রেফ ‘রুটিন জয়’ বলে উল্লেখ করেছে। তাদের মতে, ব্রাজিলের থেকেও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ ছিল ঘুমপাড়ানি ও যথেষ্ট ধীরগতির। প্রতিবেদনে বলা হয়েছে, বাঁ প্রান্তে ভিনিসিয়াস বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।

টেরা নিউজও ব্রাজিলের খেলায় সন্তুষ্ট নয়। তাদের মতে, সাম্প্রতিক সময়ের দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক কিছুই প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের পক্ষে। এমনকি ম্যাচ আয়োজন নিয়েও সমালোচনা হচ্ছে। ব্রাজিলের মিডিয়া ত্রিভেলা লিখেছে, কলকাতার স্টেডিয়ামে বেশ কিছু সিট খালি ছিল। তাও ব্রাজিল কেন ভারতের বিরুদ্ধে খেলল? ব্রাজিলে অনেক অঞ্চল আছে, যেখানে বহু বছর ধরে ব্রাজিলের ম্যাচ খেলা হয়নি। সেই সব অঞ্চলে খেলা হলে আরও উন্মাদনা বাড়ত বলে যুক্তি দিয়েছে ত্রিভেলা।

প্রাক্তন ফুটবলার ফিলিপে মেলো দলের সমালোচনা করে বলেছেন, “ব্রাজিল দিন দিন পিছিয়ে যাচ্ছে। ভারতের বিরুদ্ধে জঘন্য খেলেছে ব্রাজিল। উন্নতি হওয়ার জায়গায় দিনদিন পিছিয়ে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। জঘন্য!” ভারতের বিরুদ্ধে ব্রাজিল ৪-০ জিতলেও তাদের দেশের ফুটবলমাধ্যম একদমই দলের পারফরম্যান্সে খুশি নয়। বিশ্বকাপের আগে দলের খেলার মান, আক্রমণাত্মক ফুটবল ও মানসিকতা নিয়েই আলোচনা চলছে। যদিও, ভারত এই মাঠে ৪-০ হারলেও ভারতের ফুটবলমহলে খুব প্রশংসা পেয়েছে দলের খেলা। ফলে কলকাতায় ব্রাজিলের উপস্থিতি ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়েই থেকে যাবে।

Follow Us