Vozinha: বিশ্বকাপ অতীত, এবার ক্লাব ফুটবলে নাম জুড়ল কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার!
Vozinha New Club: কেপ ভার্দে ও পর্তুগালে কেরিয়ার শুরু করার পর তিনি অ্যাঙ্গোলার ক্লাব প্রোগ্রেসোতে যোগ দেন। পরে তিনি মলডোভাতে জিমব্রু, পর্তুগালের জিল ভিসেন্তে, সাইপ্রাসে এইএল লিমাসোল ও স্লোভাকিয়ার ক্লাবের হয়ে খেলেন। এরপর তাঁর নামের পাশে জুড়ল চিলির এই ক্লাবটি।

চিলি: বিশ্বকাপ ২০২৬ এর সবথেকে চর্চিত একটি নাম ভোজিনহা। কেপি ভার্দের এই গোলরক্ষক একের পর এক সেভ করে চর্চায় ছিলেন বিশ্বকাপ জুড়ে। এমনকি আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁর বেশ কিছু সেভ নিয়ে চর্চা হচ্ছিল বিশ্বজুড়ে। এবার, সেই ৪১ বছর বয়সী গোলকিপার ক্লাব ফুটবলে যোগ দিলেন।
বিশ্বকাপের পর থেকেই শোনা গিয়েছিল, তাঁকে পেতে অনেক ক্লাবই আগ্রহী। কিন্তু এবার অবশেষে তিনি যোগ দিলেন চিলির ক্লাব কলো কলোতে। এর মাধ্যমে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা তাঁর দলবদলের জল্পনার অবসান ঘটাল। কলো কলোর সভাপতি অনিবল মোসা শুক্রবার নিশ্চিত করেছেন যে, ভোজিনহা আগামীদিনে চিলিতে যাবেন তাঁর মেডিক্যাল পরীক্ষার জন্য। শারীরিক পরীক্ষার পর এস্তাদিও মনুমেন্টাল-এ তাঁকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হবে। ১ জুলাই পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেজ ছাড়ার পর এই ৪০ বছর বয়সী গোলকিপার ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন।
দেপোর্তেস লিম্যাচের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিকদের মোসা জানান, “ভোজিনহা কলো কলোর খেলোয়াড় হতে চলেছেন। আগামী দিনে তিনি চিলিতে আসবেন ও শারীরিক পরীক্ষার পর আমাদের ক্লাবে যোগ দেবেন।” এই চুক্তির মাধ্যমে সামার ট্রান্সফার উইন্ডোজুড়ে চলতে থাকা জল্পনার অবসান ঘটল। অনেকেই বলেছিলেন, খুব সম্ভবত মেজর লিগ সকারে পাড়ি জমাতে পারেন তিনি। এমনকি কেপ ভার্দের এই আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করা ক্লাবগুলির মধ্যে লিও মেসির ইন্টার মায়ামিও ছিল বলে জানা গিয়েছিল।
মোসা বলেন, বিশ্বকাপে ভোজিনহার পারফরম্যান্সই প্রমান করে তিনি কলো কলোতে যোগ দেওয়ার জন্য যোগ্য প্রার্থী। এর পাশাপাশি তিনি এটাও স্বীকার করেন, টুর্নামেন্টের এই অন্যতম সেরা চমক হবেন ভোজিনহা। তাঁকে সই করানোয় বাণিজ্যিক সুবিধাও পাবে চিলির এই ক্লাব। কেপ ভার্দে ও পর্তুগালে কেরিয়ার শুরু করার পর তিনি অ্যাঙ্গোলার ক্লাব প্রোগ্রেসোতে যোগ দেন। পরে তিনি মলডোভাতে জিমব্রু, পর্তুগালের জিল ভিসেন্তে, সাইপ্রাসে এইএল লিমাসোল ও স্লোভাকিয়ার ক্লাবের হয়ে খেলেন। এরপর তাঁর নামের পাশে জুড়ল চিলির এই ক্লাবটি।
