
কলকাতা: পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় টিম। বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া হেরে যাওয়ার পর চরম সমালোচিত হয়েছেন কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে অধিনায়ক রোহিত শর্মা। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) যে কারণে গুরু গম্ভীর ও তাঁর শিষ্য হিটম্যানের বড় পরীক্ষা। মিনি বিশ্বকাপে এ বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য বড় পদক্ষেপ নিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় টিমের সঙ্গে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা সফর করবেন না। বেশ কয়েকদিন আগে বোর্ডের এক নির্দেশিকার খবর চাউর হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, ভারতীয় ক্রিকেটারদের বিদেশ সফরে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া নিয়ে কিছু নির্দেশ। এও জানা গিয়েছিল, এই পরিকল্পনা ছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।
বিসিসিআইয়ের নতুন ট্রাভেল পলিসি প্রকাশ হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছে ভারতীয় টিম। ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের জন্য রওনা দেবে টিম। এ বার রোহিত-বিরাটদের সঙ্গে আর যাওয়া হচ্ছে না ঋতিকা-অনুষ্কাদের। বোর্ডের এক সিনিয়র কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “যদি কিছু বদল হয়, সেটা পরের বিষয়। কিন্তু আপাতত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ভারতীয় ক্রিকেটাররা এই সফরে তাঁদের স্ত্রী ও পরিবারের কোনও সদস্যদের নিয়ে যেতে পারবেন না। দলের এক সিনিয়র প্লেয়ার এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। তাঁকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, যে পলিসির কথা বলা হয়েছে, তা মেনে চলতে হবে।”
বোর্ডের নতুন নির্দেশিকায় উল্লেখ ছিল, ৪৫ দিন বা তার থেকে বেশি দিনের কোনও বিদেশ সফর হলে সেখানে পরিবারের সদস্যরা ২ সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন। বিসিসিআইয়ের ওই কর্তা এও বলেন, “যেহেতু এই সফর এক মাসেরও কম সময়ের, তাই প্লেয়ারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা সফর করবেন না। যদি এর ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে প্লেয়ারদের পরিবারের সদ্যদের সফরের খরচ বহন করতে হবে। বিসিসিআই কোনওরকম খরচ এক্ষেত্রে দেবে না।”