T20 World Cup : ডু অর ডাই ম্যাচে ভারতের ‘শত্রু’ চিপক ?
চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামের উইকেট সাধারণত স্লো হয়। আইপিএলে এই পিচেই খেলে অভ্যস্ত চেন্নাই সুপার কিংস। সাধারণত, স্পিনাররা ভাল পারফরম্যান্স করেন। তবে পিচ কিউরেটর জানিয়েছেন, সেই সম্ভাবনা এই বার নেই। চিপকের ৩টি পিচই ব্যাটিং সহায়ক।

কলকাতা : সুপার এইটের প্রথম ম্যাচেই হেরে বিপাকে ভারত। ৭৬ রানে হার যেন বিশ্বকাপ স্বপ্নেই নাড়া দেয়নি, ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটা চোখ খুলিয়ে দেখিয়ে দিয়েছে। আহমেদাবাদের কালো পিচে একপ্রকার নাকানি-চোবানি খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। ঈশান থেকে হার্দিক, ফ্লপ সবাই। এমতাবস্থায় ভারতের বর্তমান অবস্থা বেশ শোচনীয়। -৩.৮০০ রান রেট নিয়ে তৃতীয় স্থানে ভারত। তাদের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার, জিম্বাবোয়ের বিরুদ্ধে। সদ্যই প্রকাশ্যে এল সেই ম্যাচের পিচ।
চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামের উইকেট সাধারণত স্লো হয়। আইপিএলে এই পিচেই খেলে অভ্যস্ত চেন্নাই সুপার কিংস। সাধারণত, স্পিনাররা ভাল পারফরম্যান্স করেন। তবে পিচ কিউরেটর জানিয়েছেন, সেই সম্ভাবনা এই বার নেই। চিপকের ৩টি পিচই ব্যাটিং সহায়ক। সূত্র অনুযায়ী, একটি পিচ তৈরী লাল মাটি দিয়ে, বাকি দুইটি কালো মাটি। একটি পিচে ঘাসের ছিঁটেফোঁটা নেই। অন্যটিতে হালকা ঘাস দেখা যাচ্ছে। তিন পিচেই বেশি রান ওঠার প্রবল সম্ভাবনা। গ্ৰুপ পর্বে চেন্নাইতে খেলা হয়েছে মোট ৬টি। সর্বোচ্চ রান ২০০, সর্বনিম্ন ১৭৩। বিশ্বকাপের আগে বদলানো হয়েছিল চিপকের পিচ। তাই এই নতুন পিচ দেখে আশা করা যাচ্ছে, বল স্বাভাবিকভাবেই ব্যাটে আসবে। ভারতীয় ব্যাটাররা সুবিধে পেতে চলেছেন।
বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হেরে সেমির দৌড়ে অনেকটা পিছিয়ে গিয়েছে। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিততে হবে। তবে জিম্বাবোয়ে ম্যাচের আগে ব্যাটিং সহায়ক পিচ হয়ত আশ্বাস দেবে ভারতকে।
