T20 World Cup : সেমিতে বৃষ্টি, নতুন নিয়ম আইসিসির
ট্রফি রক্ষার লড়াইয়ে ভারতের সঙ্গে বাকি ৩ দেশের লড়াই জমে উঠেছে। সব নক আউট ম্যাচেই ভারতে অনুষ্ঠিত হওয়ায় লড়াই আরও বেশি হতে চলেছে নক আউট ম্যাচগুলিতে। ইতিমধ্যেই সেমিফাইনাল নিয়ে নতুন ঘোষণা করল আইসিসি।

কলকাতা : গতকালই ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ভারতীয় দল চলে গেছে শেষ চারে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে সূর্যকুমারের ভারত। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বোলিং আক্রমণকে সামলানোই পরীক্ষা হবে ভারতের। ভারত ছাড়াও শেষ চারে উঠেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। ইতিমধ্যেই সেমিফাইনাল নিয়ে নতুন ঘোষণা করল আইসিসি।
সেমিফাইনালে দুই ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। আবহাওয়া ও বৃষ্টির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত আইসিসির। আইসিসি চেষ্টা করবে ওভার কমিয়েও ম্যাচ শেষ করার। ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত সময় নির্ধারণ করেছে আইসিসি, যাতে নির্ধারিত দিনেই ম্যাচ সম্পূর্ণ করা যায়। ম্যাচের দিন ৯০ মিনিট ও অতিরিক্ত দিনে ১২০ মিনিট সময় অতিরিক্ত রাখা হবে। দুই দলকেই অন্তত ১০ ওভার ব্যাট করতে হবে। রিজার্ভ ডে-তে খেলা গড়ালে পরের দিন সেখান থেকেই শুরু হবে, যেখানে আগের দিন ম্যাচ শেষ হয়েছিল। দুটি সেমিফাইনাল শুরুর সময় ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ। রিজার্ভ ডে-তে ম্যাচ গড়ালে শুরু হবে বিকেল ৩টা নাগাদ। এই ক্ষেত্রে দুই পরিস্থিতির কথা উল্লেখ করা হচ্ছে। প্রথম, নির্ধারিত দিনে ম্যাচ শুরু হলে রিজার্ভ ডে-তে সেই জায়গা থেকেই ম্যাচ শুরু হবে। এবং দ্বিতীয়, রিজার্ভ দিনেও ম্যাচ শেষ না হলে গ্ৰুপ পর্বের অবস্থানের ভিত্তিতে দল নির্ধারণ করা হবে।
ট্রফি রক্ষার লড়াইয়ে ভারতের সঙ্গে বাকি ৩ দেশের লড়াই জমে উঠেছে। সব নক আউট ম্যাচেই ভারতে অনুষ্ঠিত হওয়ায় লড়াই আরও বেশি হতে চলেছে নক আউট ম্যাচগুলিতে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতায় সেই ম্যাচ ৪ মার্চ। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ মুম্বইয়ে।
