India vs Wi Scorecard: গিলের মহাকাব্যিক ইনিংস, শতরান করলেন রোহিতও! ৪০০ রান তুলে হোপদের আশাভঙ্গ ভারতের!
India vs West Indies Rohit Sharma Gill: জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। এর আগের সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধেই কথা হচ্ছিল, হয়ত এটাই শেষ সিরিজ রোহিতের। কিন্তু না, হিটম্যান দেখালেন, তিনি ভয়ঙ্কর হলে বিপক্ষের বোলারদের সর্বনাশ ছাড়া কিছুই হয় না।

অসম: বর্ষাপাড়ার দর্শকরা বহুদিন মনে রেখে দেবেন এই ম্যাচ। একদিনে রেকর্ড, রেকর্ড আর রেকর্ড। প্রথমে তিন জন ক্যারিবিয়ান ব্যাটারের সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড রান, তারপরেই ভারতের ব্যাটিং বিক্রম। রোহিত শর্মার সেঞ্চুরি, অধিনায়ক গিলের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ডবল সেঞ্চুরি। বর্ষাপাড়ায় রানের বৃষ্টি করিয়ে শাই হোপদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরল ভারত। তাও আবার ৩৯ বল বাকি থাকতেই।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন। তাঁর সিদ্ধান্তকে রীতিমতো ভুল প্রমাণ করে বেধড়ক মারলেন জন ক্যাম্পবেল, শাই হোপরা। দুজনের জমাটি সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের দেখে তখন মনে হচ্ছে অশ্বমেধের ঘোড়া। দুজনেই সেঞ্চুরি করলেন। প্রথমজন ১০১, দ্বিতীয়জন ১০৪। সেঞ্চুরি করে গেলেন আমির জাঙ্গুও। এই ত্রয়ীর সমন্বয়ে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৪০৫ রানের বিশাল পাহাড়। আজকে চূড়ান্ত ফ্লপ ভারতীয় বোলিং। আজকের ম্যাচে অভিষেক করা আকিব নবির বোলিং স্ট্যাট ৮.৫-০-৮৪-০। ১০ ওভার বল করে ৯৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন গুরনুর ব্রার। ১০ ওভার বল করে ৭৫ রান দিয়েছেন রবীন্দ্র জাদেজা ও ৬৫ রান দিয়েছেন কুলদীপ। ক্যারিবিয়ানদের ৪০৫ রান ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে করা কোনও দলের তৃতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার ৪৩৮/৪ (২০১৫, ওয়াংখেড়ে)।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। এর আগের সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধেই কথা হচ্ছিল, হয়ত এটাই শেষ সিরিজ রোহিতের। কিন্তু না, হিটম্যান দেখালেন, তিনি ভয়ঙ্কর হলে বিপক্ষের বোলারদের সর্বনাশ ছাড়া কিছুই হয় না। শেষ ৩ ইনিংসে দ্বিতীয় সেঞ্চুরি করলেন রোহিত। সেঞ্চুরির সেলিব্রেশন করে যেন তিনি বুঝিয়ে দিলেন, আজও তাঁকে ভরসা করা যায়, আজও তাঁর উপর বাজি ধরা যায়। ৭৫ বলে ১০১ রানের ইনিংস খেললেন তিনি। মারলেন ১০টি চার ও ৬টি ছক্কা। তাঁর সঙ্গেই জুড়িদার শুভমন গিল। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্বিতীয় দ্বিশতরান করলেন তিনি। প্রথমটা করেছিলেন হায়দরাবাদে, ৩ বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আজ করলেন দ্বিতীয়টা। ৬২ বলে করলেন সেঞ্চুরি। ১১৭ বলে ডবল সেঞ্চুরি, যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। এমনকি, ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে মনে হচ্ছিল, একটা কোনও পরিকল্পনা নেই। গত ম্যাচের সেঞ্চুরিয়ন বিরাট কোহলি আজ ২৯ রানের মাথায় আউট হলেন। ৮৪ রানের মাথায় রোহিতের ক্যাচ মিস করলেন কিমো পল, যার খেসারত দিতে হল পুরো ক্যারিবিয়ান দলকে। ২১৭ রানে অপরাজিত রইলেন গিল। ৩৯ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ভারত। ৪৪ ওভারের মধ্যে ৪০০ রান তুলে ফেলল টিম ইন্ডিয়া, যা দ্রুততম।
এই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। বাকি আর মাত্র একটি ম্যাচ। তারপরেই ৫ ম্যাচের টি২০ সিরিজ। ৬ অক্টোবর থেকে শুরু হবে সেই সিরিজ। যদিও, আজকের এই মহাকাব্যিক ইনিংস গিল নিজেও মনে রাখবেন। ওডিআই অধিনায়ক হিসেবে সবথেকে বেশি রান তাড়া করে জয়….. বারবার রেকর্ড হয় নাকি?
