IPL 2024, KKR: বিরাট-ধোনিদের ফাঁদে ফেলার ছক সাজিয়ে ফেলেছেন KKR মেন্টর গৌতম গম্ভীর!
ইডেন বরাবরই স্পোর্টিং উইকেট উপহার দিয়েছে যুযুধান দুই টিমকে। পেস থাকবে, স্পিন থাকবে। থাকবে রানের প্রাচুর্যও। এত দিনের চেনা ইডেন এ বার একটু অন্য রকম 'আচরণ' করতে পারে। নন্দনকাননে বল যদি থমকে আসে, ঘূর্ণি থাকে, ভ্যাবচ্যাক হয় বাইশ গজ, অবাক হওয়ার থাকবে না। গম্ভীর কিন্তু এই স্ট্র্যাটেজিই চাইছেন। ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ২৩ মার্চ ঘরের মাঠে অর্থাৎ ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর, প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতা: যখন তিনি ছিলেন, তখন সুখের অন্ত ছিল না। টিম ছিল ছন্দে। এসেছিল সাফল্যও। তাঁর ক্যাপ্টেন্সিতেই দু’বার খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সব সোনালি দিন অতীত হয়েছে তারপর। সেই তিনিই আবার আলো ফেরাতে এসেছেন নাইট সংসারে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) খেলবেন না। কিন্তু তাঁর মস্তিষ্ক নিয়েই মাঠে নামবে শ্রেয়স আইয়ারের টিম। গম্ভীর যেমন টিমকে তাতাবেন, তেমনই বিপক্ষকে ফাঁদে ফেলার ছক সাজাবেন। কেকেআরকে (KKR) আইপিএল (IPL) জেতানোর জন্য গম্ভীরের ছক কী হতে চলেছে? ২০১২ কিংবা ২০১৪ সালে যা করেছিলেন, তাই এ বার করতে চলেছেন গম্ভীর।
ইডেন বরাবরই স্পোর্টিং উইকেট উপহার দিয়েছে যুযুধান দুই টিমকে। পেস থাকবে, স্পিন থাকবে। থাকবে রানের প্রাচুর্যও। এত দিনের চেনা ইডেন এ বার একটু অন্য রকম ‘আচরণ’ করতে পারে। নন্দনকাননে বল যদি থমকে আসে, ঘূর্ণি থাকে, ভ্যাবচ্যাক হয় বাইশ গজ, অবাক হওয়ার থাকবে না। গম্ভীর কিন্তু এই স্ট্র্যাটেজিই চাইছেন। ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ২৩ মার্চ ঘরের মাঠে অর্থাৎ ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর, প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। পরের দু’রাউন্ডের ম্যাচ অবশ্য বাইরে। তবে প্রথম ম্যাচ থেকেই খেতাবের দৌড়ে থাকতে চাইছেন গম্ভীর। সেই কারণেই ইডেনের পিচে এ বার থাকবে স্পিন। গম্ভীরের টিমে সুনীল নারিনের পাশাপাশি বরুণ চক্রবর্তীর মতো মিস্ট্রি স্পিনার রয়েছেন। তাঁদের হাত ধরেই ম্যাচ জেতা যেতে পারে। সেই কারণেই বিপক্ষ টিমকে ফাঁদে ফেলার জন্য ইডেনে স্পিনের পসরা সাজিয়ে রাখতে চাইছেন গম্ভীর।
আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটার কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন, কলকাতা কী ভাবে জয়ের অঙ্ক সাজাবে। তাঁর কথায়, ‘স্পিনের কথা যদি বলতে হয়, আমার মাথায় চলে আসবে কলকাতা। কেকেআর কিন্তু স্পিনিং উইকেট দিয়েই বাজিমাত করার পরিকল্পনা করছে। ওদের টিমে সুনীল নারিনের মতো স্পিনার আছে। প্রথম একাদশে থাকবেই, টিমকে উইকেটও দেয় ও। এমন নয় যে, নারিন চার উইকেট নেবে প্রতি ম্যাচে। কিন্তু ওর বিরুদ্ধে রান তোলা সব সময় কঠিন।’
