AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ, CT 2025: মরুশহরে ধুন্ধুমার, টস জিতল কিউয়িরা; মহারাজের কথা রাখলেন রোহিত

ICC Champions Trophy 2025 Final: চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটার জন্য, ২২ গজে এই লড়াইটার জন্য প্রত্যেক ক্রিকেট প্রেমী মুখিয়ে রয়েছেন। ভারত ও নিউজিল্যান্ড টিমের ক্রিকেটাররা জান-প্রাণ দিয়ে লড়ে যাবেন ট্রফি জয়ের শেষ ম্যাচে।

IND vs NZ, CT 2025: মরুশহরে ধুন্ধুমার, টস জিতল কিউয়িরা; মহারাজের কথা রাখলেন রোহিত
ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ডImage Credit: BCCI
| Updated on: Mar 09, 2025 | 2:32 PM
Share

দুবাই: দেখতে দেখতে টানা ১৫টা একদিনের ম্যাচে টস হারল ভারত। টস হারার ফলে প্রথমে ব্যাটিং বাছার সিদ্ধান্ত পাননি রোহিত শর্মা। কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে টসের পর জানান, তাঁরা প্রথমে ব্যাটিং করবে। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান তাড়া করে একাধিক ম্যাচ জিতেছে ভারত। তাই টিম ইন্ডিয়ার কাছে রান তাড়া করা যে অত্যন্ত চাপের, তা বলার জায়গা নেই। যেমন বললেন না রোহিত শর্মা।

দুবাইতে মিনি বিশ্বকাপের ফাইনালে টসের সময় কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করব। আমরা বোর্ডে কিছু রান তোলার চেষ্টা করব। উইকেট ভালো লাগছে। সপ্তাহখানেক আগে ভারতের বিরুদ্ধে যে উইকেটে খেলেছিলাম, তেমনই লাগছে। একটা দারুণ স্টেডিয়াম। পরিবেশটাও বেশ ভালো। আমরা দেখেছি ভারত কীভাবে খেলেছে এই টুর্নামেন্টে। দলের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন সময় পারফর্ম করেছে। শুরু থেকেই ভালো পারফর্ম করতে হবে। ভারতও তেমনটাই করছে। ম্যাট হেনরি বাদ পড়েছে। ওর জায়গায় নাথান স্মিথ এসেছে একাদশে।”

টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “পরে ব্যাট করতে হবে বলে তা নিয়ে কিছু ভাবছি না। পিচ ভালো। আমাদের প্রথমে বোলিং করতে হবে। কত রানে আটকাতে পারব, সেটাই দেখতে হবে। টস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ভালো ক্রিকেট খেলেছি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। ড্রেসিংরুমে টস নিয়ে আলোচনা হয় না। ম্যাচটা কীভাবে ভালো করতে পারি, সেটাই ভাবছি। নিউজিল্যান্ড ভালো টিম। ওরা খুব ভালো ক্রিকেট খেলে। ফের সামনে একটা চ্যালেঞ্জ। দেখা যাক কেমন পারফর্ম করতে পারি। একই একাদশ নিয়ে খেলব আমরা।”

ফাইনালের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর মনে হয় ফাইনালে ভারতের উইনিং কম্বিনেশন ভাঙা উচিত নয়। মিনি বিশ্বকাপ ফাইনালের একাদশে কোনও বদল করলেন না রোহিত। গ্রুপ পর্বের যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ২টো দল, সেখানে প্রথমে রোহিতদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কিউয়ি অধিনায়ক। সেই ম্যাচ হেরেছিল নিউজিল্যান্ড। এ বার কিউয়িরা যে কারণে চাইবে ২৫ বছর আগে ভারতকে হারানোর সুখস্মৃতি রোমন্থন করতে। পাল্টা দিতে কি পারবে রোহিত ব্রিগেড? আর কয়েক ঘণ্টার মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে।

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও বরুণ চক্রবর্তী।

ম্যাট হেনরির বদলে কিউয়িদের একাদশে এসেছেন নাথান স্মিথ।

নিউজিল্যান্ডের একাদশ – রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, সন, উইল ও’রুরকি।

Follow Us