IPL 2026, Matheesha Pathirana Injury: ১৮ কোটির পাথিরানাকে নিয়ে ফের মহা সঙ্কটে কেকেআর, আবার চোটে কাবু পাথিরানা!
Matheesha Pathirana: এই সময়ে আইপিএলের সব ম্যাচ গুরুত্বপূর্ণ। প্লে-অফে খেলতে হলে সব ম্যাচে জিততে হবে কেকেআরকে। আগামী ২০ ও ২৪ মে ঘরের মাঠেই মুম্বই ও দিল্লির বিরুদ্ধে খেলবে নাইটরা। সেই দুই ম্যাচেও জিতলে নাইটদের পয়েন্ট হবে ১৫।

কলকাতা : অবশেষে তিনি মাঠে ফিরলেন, দল জয়ে ফিরল কিন্তু তাঁর ৪ ওভার খেলা হল না। মাত্র ৮ বল করেই মাঠ ছাড়তে হল এই শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে। ১৮ কোটি টাকা দিয়ে এই বার কেকেআর কিনেছিল পাথিরানাকে। কিন্তু ১১ ম্যাচ না খেলার পরে অবশেষে তাঁর নামার পরেও আবার তাঁর চোট সমস্যায় ফেলতে পারে রাহানেদের।
গতকাল, ইডেন গার্ডেন্সে ইমপ্যাক্ট সাব হয়ে কেকেআরের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেললেন পাথিরানা। তার মধ্যে ৮ বলে তিনি দিয়েছেন ৯ রান। এরপরেই দেখা যায়, প্রায় খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ছেন পাথিরানা। আইপিএলে শুরু থেকেই বোলিং সমস্যায় ভুগেছে কেকেআর। আইপিএলে যোগ দেওয়ার আগে শ্রীলঙ্কার বোর্ডের কাছে ফিটনেস টেস্টে পাশ করেই আইপিএলে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন পাথিরানা। কিন্তু দলের ১২তম ম্যাচে আবার তিনি চোট পেলেন। প্রথম ওভার করার পরেও তিনি দ্বিতীয় ওভার করতে যান কিন্তু আবার চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন পাথিরানা।
এই সময়ে আইপিএলের সব ম্যাচ গুরুত্বপূর্ণ। প্লে-অফে খেলতে হলে সব ম্যাচে জিততে হবে কেকেআরকে। আগামী ২০ ও ২৪ মে ঘরের মাঠেই মুম্বই ও দিল্লির বিরুদ্ধে খেলবে নাইটরা। সেই দুই ম্যাচেও জিতলে নাইটদের পয়েন্ট হবে ১৫। তখন দেখা হবে আইপিএলে প্রথম ৪ দলের পয়েন্টস। এই মুহূর্তে কেকেআর ১১ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে। এই দুই ম্যাচের মধ্যে একটিতেও যদি কেকেআর জিততে না পারে, তাহলে এই বারের মতো আইপিএল যাত্রা শেষ হয়ে যাবে কেকেআরের। তবে পাথিরানার চোট কতটা গুরুতর, এই মুহূর্তে জানানো হয়নি কেকেআর শিবির থেকে। কিন্তু এই লড়াইয়ে ইতিমধ্যেই পাথিরানার চোট একধাক্কায় কয়েক ধাপ পিছিয়ে রাখবে কেকেআরকে।
