পাকিস্তানি শোতে অংশগ্রহণ, বিতর্কের কেন্দ্রে সানি!
নিলামে ২ কোটি ৩৪ লক্ষ টাকায় আব্রারকে কিনেছিল সানরাইজার্স। এরপরেই শুরু হয় ট্রোলিং। এমনকি, এক্স অ্যাকাউন্টও উড়ে যায় তাদের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, একমাত্র ক্রিকেটীয় দক্ষতা ছাড়া যেন আর কিছু বিচার করা না হয়।

কলকাতা : বিতর্কের কেন্দ্রে সুনীল গাভাসকর। দিন কয়েক আগেই দ্য হান্ড্রেড লিগে ভারতীয় মালিকানাধীন দল ‘সানরাইজার্স লিড্স্’ পাক স্পিনার আব্রার আহমেদকে কেনার পর গাভাসকর মন্তব্য করেছিলেন,”পাক ক্রিকেটারকে কেনার অর্থ ভারতীয় জনগণ ও ভারতীয় সেনার রক্ত ঝরানো।” স্বাভাবিকভাবেই তাঁর সেই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল ক্রিকেট দুনিয়ায়। এবার বিতর্কের কেন্দ্রে সানি নিজেই। তাঁর দ্বৈতসত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। এবার সেই বিষয়েই নিজের দৃষ্টিভঙ্গি জানালেন সানি।
বিতর্কের সূত্রপাত বেশ কয়েক মাস আগে। গতবছর এশিয়া কাপ চলাকালীন এক পাকিস্তানী ক্রিকেট শো-তে অংশগ্রহণ করেছিলেন সুনীল গাভাসকর। যার জন্য আক্রমণ করা হয়েছে সানিকে। কেউ কেউ বলছেন, পাকিস্তানের ক্রিকেট শোতে অংশগ্রহণ করে পাকিস্তানের নামেই খারাপ কথা বলা সানির দ্বৈতসত্তার প্রমাণ দেয়। এই প্রশ্নের মুখে পড়েই সানির প্রত্যুত্তর,”আমি আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কমেন্ট্রি প্যানেলের সদস্য। স্বাভাবিকভাবেই, আমাকে ষ্টুডিওতে যেতে হয়েছে। ওরা যেখানে বলবে, আমাকে সেখানেই যেতে হবে। এর জন্য আমি নিজে কোনও টাকা পাই না, টাকা দিইও না। এই দুই সংস্থাই প্রত্যেক দেশকে লভ্যাংশ দেয়। তাহলে আমাকে আক্রমণ করার কারণ কী ?” যদিও আব্রার ইস্যুতে নিজের অবস্থান জানিয়েছেন গাভাসকর। তাঁর কথায়,”ক্রিকেটে ভারতীয় মালিকরা পাকিস্তানি ক্রিকেটারদের পিছনে অর্থ খরচ করা বন্ধ করুক।” নিলামে ২ কোটি ৩৪ লক্ষ টাকায় আব্রারকে কিনেছিল সানরাইজার্স। এরপরেই শুরু হয় ট্রোলিং। এমনকি, এক্স অ্যাকাউন্টও উড়ে যায় তাদের। এরপরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের হয়ে গাভাসকর লিখেছিলেন,”ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিলে সমালোচনা আশ্চর্য নয়। ২৬/১১ হামলার পর থেকেই আইপিএলে আর পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হয় না। দল থেকে যে অর্থ পাকিস্তান ক্রিকেটারদের দেওয়া হয়, তার একটা অংশ লভ্যাংশ দিয়ে তাঁরা কর দেন। সরকার সেই করের টাকা দিয়েই বন্দুক কিনে ভারতের উপর হামলা করে।”
এবারের নিলামে মোট অংশ নিয়েছিল ৮টি দল। এই ৮ দলের মধ্যে ৪ দলেরই আইপিএলে দল রয়েছে। দলগুলি হল, সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দ্রাবাদ), এম আই লণ্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনৌ সুপার জায়ান্টস), সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, একমাত্র ক্রিকেটীয় দক্ষতা ছাড়া যেন আর কিছু বিচার করা না হয়। তবে যাবতীয় বিতর্কের কেন্দ্রে এখন সুনীল গাভাসকর ও সানরাইজার্স।
