রাজস্থানের জয়ের মাঝে বিতর্ক, ডাগ আউটে বসে ফোন ব্যবহার ম্যানেজারের!
RR vs RCB : প্রথমে ব্যাট করে ২০১ রান তুলেছিল আরসিবি। ২টি করে উইকেট পান আর্চার, বিষ্ণোই, ব্রিজেশ শর্মা। আরসিবির হয়ে ভাল খেলেছেন অধিনায়ক রজত পাতিদার ও ভেঙ্কটেশ আইয়ার। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেন যশস্বী জয়সোয়াল ও বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বলে অর্ধশতরান করেছেন বৈভব।

কলকাতা : ২০২৬ আইপিএল ঘিরে শুরু হয়ে গেল বিতর্ক। গতকাল ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রাজস্থান এই ম্যাচ জিতেছে ৬ উইকেটে। মরসুমে প্রথমবার হারল আরসিবি। এরমধ্যেই এই ম্যাচ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বৈভব সূর্যবংশীর পাশে ডাগ আউটে বসে ফোন ঘাঁটতে দেখা যায় দলের টিম ম্যানেজার রোমি ভিন্ডারকে। এরপর থেকেই প্রশ্ন উঠছে বিসিসিআইয়ের নিয়মাবলী নিয়ে।
ম্যাচ চলাকালীন রোমির এই ফোন ঘাঁটাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, আদৌ এভাবে ডাগআউটে ফোন ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত? ম্যাচ চলাকালীন রোমি ফোন ব্যবহার করছিলেন। পাশে বসেছিলেন বৈভব সূর্যবংশী। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরেই শুরু হয়ে যায় বিতর্ক। অনেক সমর্থক প্রশ্ন করতে শুরু করেন, এই বিষয়ে কী বলছে বিসিসিআই ? বিসিসিআইয়ের মতে, ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করা একদমই নিয়মবিরুদ্ধ। শুধু গুটিকয়েক অফিশিয়াল ছাড়া কেউ ফোন ব্যবহার করতে পারবেন না। স্টেডিয়ামে ঢোকার সময়েই নিরাপত্তাকর্মীর কাছে ফোন জমা দিয়ে দেন ক্রিকেটাররা। সাপোর্ট স্টাফরাও ফোন বা কোনও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারেন না। নিয়ম অনুযায়ী, টিম ম্যানেজার শুধু ড্রেসিংরুমেই ফোন ব্যবহার করতে পারবেন কিন্তু রোমি এই নিয়ম না মানায় দাবি উঠেছে, তাঁকে শাস্তি দেওয়া হয়। নিয়মে বলা হয়েছে, শুধু কিছু সদস্য ছাড়া কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। টিম ম্যানেজার ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবেন। এর অন্যথা হলে দলকে সতর্ক করা হতে পারে বা জরিমানা করা হতে পারে।
যদিও ম্যাচের মধ্যে এই নিয়ে বিতর্ক হলেও মাঠে কোনও বিতর্ক হয়নি। প্রথমে ব্যাট করে ২০১ রান তুলেছিল আরসিবি। ২টি করে উইকেট পান আর্চার, বিষ্ণোই, ব্রিজেশ শর্মা। আরসিবির হয়ে ভাল খেলেছেন অধিনায়ক রজত পাতিদার ও ভেঙ্কটেশ আইয়ার। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেন যশস্বী জয়সোয়াল ও বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বলে অর্ধশতরান করেছেন বৈভব। তিনি করেছেন ২৬ বলে ৭৮ রান। ধ্রুব জুৱেল করেছেন ৮৯ রান। অপরাজিত থেকেই ম্যাচ ফিনিশ করেছেন তিনি। এরফলে, টানা ৪ ম্যাচে জিতে এক নম্বরে রয়েছে রাজস্থান। কিন্তু ম্যাচের বাইরের এই ঘটনা উত্তাপ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

