Neymar Jr. Brawl: ম্যাচ শেষে উত্তপ্ত বাক্যবিনিময় করে বিতর্কে নেইমার, ব্রাজিল তারকাকে ‘ভাঁড়’ বললেন রেমো সভাপতি!
Santos vs Remo: ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ম্যাংগুয়েরাও স্টেডিয়ামে। জয়ের পর শেষ বাঁশি বাজতেই নেইমারকে রেমোর ডাগআউট ও সমর্থকদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অভিযোগ, রেমো সমর্থকরা ম্যাচ চলাকালীন নেইমারকে ক্রমাগত কটূক্তি করে গিয়েছেন। সেই ক্ষোভই ম্যাচ শেষে বার করেন নেইমার।

কলকাতা : আবারও বিতর্কের কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার। সদ্যই বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স করেছে ব্রাজিল। গোটা বিশ্বকাপে সেই অর্থে খেলার সুযোগ পাননি নেইমার। গোল করেছেন মাত্র ১টি, তাও পেনাল্টিতে। কিন্তু এবার আবার তিনি চর্চায়। কারণ এবার মাঠের বাইরে। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সঙ্গে উত্তপ্ত কথাবার্তার কারণে শিরোনামে উঠে এসেছেন তিনি। কোপা দি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে সান্তোস ১-০ জেতে রেমোর বিরুদ্ধে। এরপরেই শেষ চারে ওঠে সান্তোস।
ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ম্যাংগুয়েরাও স্টেডিয়ামে। জয়ের পর শেষ বাঁশি বাজতেই নেইমারকে রেমোর ডাগআউট ও সমর্থকদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অভিযোগ, রেমো সমর্থকরা ম্যাচ চলাকালীন নেইমারকে ক্রমাগত কটূক্তি করে গিয়েছেন। সেই ক্ষোভই ম্যাচ শেষে বার করেন নেইমার। সংবাদমাধ্যমের দাবি, নেইমার বারবার বলেন,“তোমরা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছ, চুপ করো।” পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও দুই দলের একাধিক ফুটবলার এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নেইমারকে উত্তপ্তভাবে চিল্লিয়ে কথা বলতে দেখা গিয়েছে।
🚨 Neymar was involved in a heated confrontation with Remo’s officials and fans after Santos knocked them out with a 1-0 victory. 😳🔥 pic.twitter.com/FNiAZjtNPz
— Football Tweet ⚽ (@Footballtweet) August 5, 2026
ম্যাচের পর নেইমারের এই কথার তীব্র সমালোচনা করেন রেমো ক্লাবের সভাপতি আন্তোনিও কার্লোস। তিনি ব্রাজিলের এই তারকা ফুটবলারের আচরণকে ‘ভাঁড়ের মতো’ বলে আখ্যা দেন। তাঁর কথায়,“নেইমার, যাকে শিশুরা নিজেদের আদর্শ মানে, সে ভাঁড় ও একজন ভাঁড়ের মতো আচরণ করেছে ও আমাদের দলকে উস্কে দিয়েছে। এমন একজনকে আমরা আদর্শ বানিয়েছি, এ আমাদের ব্যর্থতা।”
যদিও নেইমার জানিয়েছেন, সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি আছে ডিসেম্বর অবধি। তারপর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। নেইমার বলেন,“আমি এখন অবসরের কথা ভাবছি না। ডিসেম্বর পর্যন্ত আমার সঙ্গে সান্তোসের চুক্তি আছে। তারপর আমি অবসর নিয়ে ভাবব। এখন আমি ক্লাবের ম্যাচে সম্পূর্ণ মনোসংযোগ দিতে চাই। এরপর আমি ভবিষ্যৎ নিয়ে ভাবব।” কিন্তু তার আগেই নেইমারের এই উত্তপ্ত বাক্যবিনিময় চর্চায় এনে দিয়েছে সান্তোসকে।
