IPL 2026, SRH: হায়দরাবাদের জয়ে কপাল খুলল গুজরাটের! শেষ ১টি জায়গার জন্য লড়াইয়ে ৫ দল!
IPL Playoffs 2026: হায়দরাবাদের শেষ ম্যাচ আগামী শুক্রবার আরসিবির বিরুদ্ধে। এই মুহূর্তে লিগ টেবিলের প্রথম ৩ দল যেমন লড়ছে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকার জন্য, তেমনই বাকি দলগুলো লড়ছে শেষ স্থানে ঢোকার জন্য। তবে রাজস্থান বাদ দিয়ে বাকি দলগুলোকে নিজেদের ম্যাচ যেমন বড় ব্যবধানে জিততে হবে, তেমন চাইতে হবে বাকি দলগুলোও যেন পয়েন্ট নষ্ট করে।

কলকাতা : গতকালই ঘরের মাঠে চেন্নাইয়ের (Chennai Super Kings) হার হয়েছে হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে। ফলে, দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ফেলল গুজরাট (Gujrat Titans) ও হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এর ফলে আরসিবির (RCB) সঙ্গে বাকি দুই দলও শেষ চারে উঠে যাওয়ার ফলে এখন বাকি একটি স্থানের জন্য লড়াই করবে মোট ৫ দল। এই মুহূর্তে লড়াইয়ে রয়েছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস। এই দলগুলির মধ্যে একটি দলই উঠবে শেষ চারে।
পাঞ্জাবের এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট। তাদের শেষ ম্যাচ লখনৌয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে পাঞ্জাবের পয়েন্ট হবে ১৫। রাজস্থানের বাকি দুই ম্যাচ। এই দুই ম্যাচের দুটিতেই জিতলে রাজস্থানের পয়েন্ট হবে ১৬। চেন্নাইয়ের বাকি ১ ম্যাচ। এই ম্যাচ জিতলে চেন্নাইয়ের পয়েন্ট হবে ১৪। একই অবস্থা দিল্লিরও। কেকেআরের বাকি ২ ম্যাচ। এই দুই ম্যাচের দুটিতেই জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৫। তবে রাজস্থান বাদ দিয়ে বাকি দলগুলোকে নিজেদের ম্যাচ যেমন বড় ব্যবধানে জিততে হবে, তেমন চাইতে হবে বাকি দলগুলোও যেন পয়েন্ট নষ্ট করে।
গতকাল চিপকে ১৮১ রান তাড়া করতে নেমে ঈশান কিষানের ৭০ রানের ইনিংসের বদান্যতায় এক ওভার বাকি থাকতেই রান তুলে ফেলে হায়দরাবাদ। ২৬ বলে ৪৭ রান করেছেন হেনরিখ ক্লাসেনও। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স। তাঁদের সঙ্গে উঠে গেল গুজরাট টাইটান্সও। তাদেরও পয়েন্ট ১৬। হায়দরাবাদের শেষ ম্যাচ আগামী শুক্রবার আরসিবির বিরুদ্ধে। এই মুহূর্তে লিগ টেবিলের প্রথম ৩ দল যেমন লড়ছে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকার জন্য, তেমনই বাকি দলগুলো লড়ছে শেষ স্থানে ঢোকার জন্য। ফলত, শেষ মুহূর্তে জমজমাট আইপিএল।
