
কলকাতা : আজকের দিন নিয়ে এত গুরুত্ব অতীতে পায়নি কেকেআর (Kolkata Knight Riders)। তার উপর গতকাল পাঞ্জাব কিংস (Punjab Kings) জিতে যাওয়ায় আরও চাপে পড়ে গিয়েছে নাইটরা। কারণ, পাঞ্জাবের হয়ে গতকাল সেঞ্চুরি করেছেন ‘প্রাক্তন নাইট’ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অতীতে বহু প্রাক্তন নাইটই কেকেআরের স্বপ্নভঙ্গ করেছেন, সেই তালিকায় নবতম সংযোজন শ্রেয়স। তাঁর ৫১ বলে ১০১ রানের ইনিংসই প্লে অফের দৌড়ে বাঁচিয়ে রাখল পাঞ্জাব কিংসকে। এর পাশাপাশি আরও কঠিন হয়ে গেল কেকেআরের (KKR Playoff Chance) প্লে অফ অঙ্ক।
আজ সন্ধ্যেবেলায় ইডেনে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে নাইটরা। জিতলে পাঞ্জাবের সমান ১৫ পয়েন্ট পাবে কেকেআর। তবে রান রেটে এগিয়ে পাঞ্জাব। শ্রেয়সদের রান রেট +০.৩০৯ সেখানে কেকেআরের রান রেট +০.০১১।
আজ কেকেআরের প্লে অফ সমীকরণগুলি কী কী?
১ – আজ বিকেলে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে হারতে হবে রাজস্থানকে। বৈভবরা জিতে গেলে পয়েন্ট পাবেন ১৬। সেক্ষেত্রে কেকেআর আজ জিতলে পয়েন্ট পাবে ১৫। তাই আজ মুম্বইকে সমর্থন করবে কেকেআর ও পাঞ্জাব – দুই দলই।
২ – যদি কেকেআর আগে ব্যাট করে কমপক্ষে ২০০ রান তোলে, তাহলে ৭৭ রানে জিততে হবে। যদি রান তার চেয়ে কম হয়, তাহলে প্রয়োজনীয় রানের ব্যবধান হবে ৮০ বা তার বেশি।
৩ – যদি কেকেআর আজ রান তাড়া করে, তাহলে মাত্র ১২.১ থেকে ১২.৪ ওভারের মধ্যেই কেকেআরকে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলতে হবে। তাহলেই রান রেটে পাঞ্জাবকে পিছনে ফেলে দেবেন রাহানের ছেলেরা।
আজকের ম্যাচে নামার আগেই প্রবল চাপে কেকেআর শিবির। আঙ্গুল ভাঙার কারণে আজ খেলবেন না অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর বদলে আজ কিপিং করতে দেখা যাবে তেজস্বী দাহিয়াকে। এছাড়াও আজ প্রথমবারের জন্য মাঠে দেখা যেতে পারে লুভনীত সিসোদিয়াকে। যদিও সেই সম্ভাবনা কম, কারণ কেকেআর প্লে অফ খেললে তাহলেই দলে আসতে পারেন লুভনীত। এছাড়াও পায়ে চোট নিয়ে বরুণকে খেলানোর জন্য বিসিসিআই-য়ের ভর্ৎসনার মুখে পড়েছে কেকেআর শিবির। তবে, আজ মাঠে নামার আগেই কেকেআর শিবির জেনে যাবে রাজস্থান বনাম মুম্বই ম্যাচের ফল। বৈভবরা জিতলে কী করবে কেকেআর? এই সব না ভেবে আজ কেকেআর সমর্থকরা চান, স্রেফ জয়। এক, নিজের দলের। দুই, মুম্বইয়ের।