IND vs WI Scorecard: ৩ ব্যাটারের সেঞ্চুরি, বর্ষাপাড়ায় ভারতীয় বোলিংকে নিয়ে ছিনিমিনি খেলল ওয়েস্ট ইন্ডিজ
Indian Cricket: ২০১৫ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪৩৮ রান। সেই দিনও সাউথ আফ্রিকা দলের ৩ জন সেঞ্চুরি করেছিলেন, কুইন্টন ডি কক (১০৯), ফাফ দু প্লেসি (১৩৩), এবি ডি'ভিলিয়ার্স (১১৯)। সেই ম্যাচ ২১৪ রানে জিতেছিল প্রোটিয়ারা। আজ কী হবে?

আসাম: বহুদিন পর ওয়ান ডে ক্রিকেট আয়োজন করার সুযোগ পেয়েছে আসামের বর্ষাপাড়া স্টেডিয়াম। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলেন কোহলি ও হোপরা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। কিন্তু সেই সিদ্ধান্ত যে ব্যুমেরাং হল, তা বোঝালেন হোপ, ক্যাম্পবেলরা। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তাঁরা তুললেন ৪০৫ রান, যা ভারতের বিরুদ্ধে কোনও দলের ভারতে করা ৩য় সর্বোচ্চ রান।
এই মুহূর্তে সিরিজে ১-০ এগিয়ে ভারত। প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও অধিনায়ক গিল। তবে আজ ভারতীয় বোলিংয়ের সেই ঝাঁঝই দেখা গেল না। আজ জাতীয় সিনিয়র দলে অভিষেক হল আকিব নবির। ৫ম ওভারে আউট হন ওপেনার কেসি কার্টি (৯)। ১ম ওভার থেকেই ঝড় তুলেছিলেন আর এক ওপেনার জন ক্যাম্পবেল। এক ওভারে ২২ রান দেন প্রসিদ্ধ কৃষ্ণা। মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি করেন ক্যাম্পবেল। ভারতের বিরুদ্ধে কোনও ক্যারিবিয়ান ব্যাটারের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। তাঁর আগে এই রেকর্ড ছিল গেইলের। ২০০২ সালে মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন গেইল। আজ ক্যাম্পবেলের হাফ সেঞ্চুরি এল মাত্র ২৯ বলেই। তবে ওভার বাড়তে থাকলেও থামার কোনও লক্ষণই দেখায়নি ক্যারিবিয়ানরা। মাত্র ৬৫ বলে ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি করেন ক্যাম্পবেল। ১৯ ওভারের মাথায় আউট হন তিনি। ক্যারিবিয়ানদের স্কোর তখন ১৪৭/২। এরপর খেলা ধরে নেন অধিনায়ক শাই হোপ। ৯৪ বলে ১০৪ রানের ইনিংস খেললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। সেঞ্চুরি পেয়েছেন আমির জাঙ্গুও। ৭৭ বলে ১১৪ রানের ইনিংস খেলেন আমির। ৫০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৭ উইকেট হারিয়ে ৪০৫। যদিও আজ একটি রেকর্ড গড়েছেন কুলদীপ যাদবও। কিমো পলকে (৩) আউট করে তিনি ছুঁয়েছেন ২০০টি ওডিআই উইকেটের মাইলফলক।
আজকে চূড়ান্ত ফ্লপ ভারতীয় বোলিং। আজকের ম্যাচে অভিষেক করা আকিব নবির বোলিং স্ট্যাট ৮.৫-০-৮৪-০। ১০ ওভার বল করে ৯৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন গুরনুর ব্রার। ১০ ওভার বল করে ৭৫ রান দিয়েছেন রবীন্দ্র জাদেজা ও ৬৫ রান দিয়েছেন কুলদীপ। ২০১৫ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪৩৮ রান। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে সেটিই সর্বোচ্চ রান। সেই দিনও সাউথ আফ্রিকা দলের ৩ জন সেঞ্চুরি করেছিলেন। কুইন্টন ডি কক (১০৯), ফাফ দু প্লেসি (১৩৩), এবি ডি’ভিলিয়ার্স (১১৯)। সেই ম্যাচ ২১৪ রানে জিতেছিল প্রোটিয়ারা। আজ এই বিশাল ৪০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতবে ভারত? উত্তর দেবে সময়।
