AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Test Team: চোট থেকে মুক্তি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে ফিরলেন বুমরা!

Jasprit Bumrah: আফগানিস্তানের বিরুদ্ধে জুন মাসে হওয়া একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরা ও জাদেজাকে। তবে সেই ম্যাচটি ডব্লিউটিসির অন্তর্ভুক্ত ছিল না। এবার দুজনেই টেস্ট দলে ফিরেছেন। বুমরা ছাড়াও ভারতের পেস বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনুর ব্রার।

Indian Test Team: চোট থেকে মুক্তি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে ফিরলেন বুমরা!
জসপ্রীত বুমরাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 31, 2026 | 5:45 PM
Share

কলকাতা : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় স্বস্তি পেল ভারতীয় দল। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরে তাঁকে দুই টেস্টেই ছাড়পত্র দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন বুমরা। সেই কারণে তিনি লর্ডসে ৩য় ওয়ান ডে খেলতে পারেননি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে দলে রাখা হলেও বিসিসিআই তাঁর ফিটনেস দেখতে চেয়েছিল। বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা পিটিআইকে জানিয়েছেন, “বুমরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। সিওই-র সব ফিটনেস পরীক্ষা তিনি পাশ করেছেন। আশা করছি, দুই টেস্টেই তাঁকে পাওয়া যাবে। দলের জন্য বুমরার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।

বুমরার প্রত্যাবর্তনে ভারতের পেস আক্রমণ অনেক শক্তিশালী হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত আছে পঞ্চম স্থানে, আর শ্রীলঙ্কা আছে ষষ্ঠ স্থানে। ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে বাকি ৯ টেস্টের মধ্যে অন্তত ৭ টেস্টে জিততেই হবে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জেতা ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদিও একের পর এক চোটে সমস্যায় ভারত। হ্যামস্ট্রিংয়ের চোটে দলের বাইরে হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দররা। পিঠের চোট বাড়ার কারণে এখনও দলের বাইরে আকাশ দীপ।

আফগানিস্তানের বিরুদ্ধে জুন মাসে হওয়া একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরা ও জাদেজাকে। তবে সেই ম্যাচটি ডব্লিউটিসির অন্তর্ভুক্ত ছিল না। এবার দুজনেই টেস্ট দলে ফিরেছেন। বুমরা ছাড়াও ভারতের পেস বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনুর ব্রার। প্রথম টেস্ট গলে শুরু হবে ১৫ আগস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ আগস্ট কলম্বোতে খেলা হবে। ২০১৭ সালে শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। এবারও সেই সাফল্য ধরে রাখতে চাইবে গিলের ছেলেরা।

Follow Us