FIFA World Cup 2026, ARG vs ALG: কানসাসে ভগবানের ‘লীলাখেলায়’ মুগ্ধ বিশ্ব, হেলায় আলজেরিয়া বধ আর্জেন্টিনার!
ARG VS ALG: আজ বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচেই ৩ গোল করে মেসি হয়ে গেলেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। আর এক গোল করলেই টপকে যাবেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। মেসির হ্যাটট্রিকে দুরন্ত শুরু করল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা – ৩ (মেসি হ্যাটট্রিক) : আলজেরিয়া – ০
কানসাস সিটি : ট্রোলারদের তাঁকে নিয়ে অভিযোগ অনেক। তাঁর বয়স ৩৯, তিনি নাকি ফিল্ড গোল সেভাবে পান না, ২২ বিশ্বকাপে (FIFA World Cup 2026) নাকি স্রেফ পেনাল্টি মেরে মেরেই বিশ্বকাপ নিয়ে চলে গিয়েছেন, আর্জেন্চিনা আসলে কমিটির ক্লাব ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ যদি আপনি সকাল সাড়ে ৬টা নাগাদ মেসির (Lionel Messi) আর্জেন্টিনার ম্যাচ দেখেন, তাহলে আপনি বুঝবেন, উপরের প্রত্যেকটা অভিযোগ স্রেফ ট্রোল ছাড়া আর কিছুই নয়। কারণ, আজ ৭০ মিনিট পর্যন্ত মেসি যা খেলা দেখালেন, তাতে কোনওভাবেই তাঁর বয়স নিয়ে অভিযোগ করা যায় না। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি প্রমাণ করে দিলেন, কেন আজও তিনি সেরা। এবং তাঁর দুরন্ত ক্যারিশমাতেই আলজেরিয়াকে (Algeria) চূর্ণ করে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা (Argentina)।
ম্যাচের শুরুতেই দুই দলের গোল বাতিল হল অফসাইডের জন্য। ৪ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি কিন্তু তাঁর কাঁধ অফসাইডে থাকায় গোল বাতিল করা হয়। এর ঠিক ৪ মিনিট পর আলজেরিয়ার করা গোলও একই কারণে বাতিল হয়। ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে শট মারেন মেসি। আলজেরিয়ার গোলকিপার লুকা জিদানের হাতে লেগে সেই বল ঢুকে যায় গোলে। তারপরেও বেশ কিছু সুযোগ পেয়েছিল দুই দলই কিন্তু একাধিক সুযোগ মিস করে দুই দলই বিরক্তি বাড়াচ্ছিল। প্রথমার্ধ ১-০ এগিয়ে থেকেই শেষ করে আর্জেন্টিনা।
3 goals, 3 points, 1 Messi. #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) June 17, 2026
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোরালো শট কোনওরকমে প্রতিহত করেন জিদান। কিন্তু বল তাঁর গায়ে লেগে বেরিয়ে যায়। সেই সময় বক্সেই শিকারী বাঘের মতো ঘোরাফেরা করছিলেন মেসি। ফিরতি শটেই গোল করে আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেন ফুটবলের রাজপুত্র। এরপর আবার ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করলেন মারাদোনার যোগ্য উত্তরসূরি।
আজ হ্যাটট্রিক করে মেসি ভাঙলেন একাধিক রেকর্ড।
১) মেসি ছুঁয়ে ফেললেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। ২০১৪ বিশ্বকাপে গোল করে কেরিয়ারে ১৬টি বিশ্বকাপ গোল করার রেকর্ড গড়েছিলেন ক্লোজে। আজ ৩ গোল করে মেসি রও বিশ্বকাপে ১৬টি গোল হয়ে গেল। আগামী ম্যাচে ১ গোল করলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার।
২) দেশের হয়ে মেসি খেললেন ২০০তম ম্যাচ। করলেন ১১তম হ্যাটট্রিক। বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক।
৩) আর্জেন্টিনার জার্সিতে কনিষ্ঠতম ও প্রবীণ খেলোয়াড় হিসেবে গোল করলেন মেসি। ১৮ বছর ৩৫৮ দিন বয়সে আজকের দিনেই সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কেরিয়ারে প্রথম গোল করেছিলেন মেসি।
৪) বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর। করেছেন মোট ৬টি গোল।
৫) রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫টা বিশ্বকাপে গোল করার রেকর্ড মেসির।
৬) বিশ্বকাপে ভিন্ন ভিন্ন মোট ১১ দেশের বিরুদ্ধে গোল করেছেন মেসি।
গতবছর যেখানে শেষ করেছিল আর্জেন্টিনা, সেখান থেকেই আবার যাত্রা শুরু ‘লা আলবিলেস্তেদের’। মেসির হ্যাটট্রিকে এই মুহূর্তে উন্মাদনা গোটা বিশ্বজুড়ে। স্বাভাবিক, ভগবানের স্রেফ দর্শনই পাওয়া যায়নি, দেখা গিয়েছে ভগবানের ক্যারিশমাও। বিশ্বাস করুন, খেলার মান যদি এই রকম হয়, তাহলে ভোর সাড়ে ৬টা নাগাদ উঠে টিভির পর্দায় চোখ রাখতে কোনও অভিযোগ নেই। বাংলাদেশের কবি ইমতিয়াজ মাহমুদের একটা লেখা মনে পড়ে যাচ্ছে, “আমি মহাশূন্যে গেলাম। নিন্দুকেরা প্রচার করল, আমার পায়ের নিচে মাটি নেই।” যতই হোক, ঈশ্বরকে কি আর রোজ রোজ দেখা যায়?
