Neeraj Chopra Final: কমনওয়েলথ গেমসে স্বপ্নভঙ্গ নীরজের, অ্যাথলেটিক্সে শ্রীলঙ্কাকে প্রথম পদক এনে দিলেন ২৩ বছরের রুমেশ!
CWG 2026: রুমেশের এই সোনা কিন্তু শুধু একটি পদক নয়, দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিক্সেও একটি বড় বার্তা দিয়েছে। কারণ, তিনি হারিয়েছেন টোকিও অলিম্পিকে ভারতের সোনাজয়ী, প্যারিস অলিম্পিকের রুপোজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে। সোনা হাতছাড়া হলেও আবার ভারতকে পদক এনে দিলেন নীরজ।

গ্লাসগো: অলিম্পিকে ছিলেন আরশাদ নাদিম, এবার রুমেশ থরঙ্গা পাথিরাগে (Rumesh Tharanga Pathirage)। দুই বড় ইভেন্টে এভাবেই স্বপ্নভঙ্গ হল নীরজ চোপড়ার (Neeraj Chopra)। কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার রুমেশ। ৮৯.৭৫ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনার পদক জিতে নিলেন তিনি। তাঁর এই পারফরম্যান্স রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়াকে। মরসুমের সেরা ৮৫.৮৩ মিটার ছুঁড়েও সোনা অধরাই রইল নীরজের। অন্যদিকে, ৮৫.৪১ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জিতে চমকে দিলেন ভারতের যশবীর সিং (Yashvir Singh)।
গতবারের চ্যাম্পিয়ন আরশাদ নাদিমের দিনটা একদমই ভাল কাটেনি। প্রথম ৩ রাউন্ডের পর তাঁর সেরা থ্রো ছিল ৭৭.৮১ মিটার। শেষ আটে জায়গা না পাওয়ায় ৩ রাউন্ডের পরই প্রতিযোগিতা থেকে ছিটকে যান এই পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার। তবে রুমেশের এই সোনা কিন্তু শুধু একটি পদক নয়, দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিক্সেও একটি বড় বার্তা দিয়েছে। কারণ, তিনি হারিয়েছেন টোকিও অলিম্পিকে ভারতের সোনাজয়ী, প্যারিস অলিম্পিকের রুপোজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে। সোনা হাতছাড়া হলেও আবার ভারতকে পদক এনে দিলেন নীরজ। একই সঙ্গে প্রমাণ করলেন, পদকের তালিকায় তিনি এখনও এক নির্ভরযোগ্য নাম।
তবে মাঠের বাইরে রুমেশের পছন্দের খেলা ক্রিকেট। সম্প্রতি olympics.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ফাঁকা সময়ে আমি ক্রিকেট খেলতে খুব ভালবাসি। বাড়িতে থাকলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি। এতে মন অনেক ভাল থাকে।” রুমেশের দাবি, ক্রিকেট তাঁর জ্যাভলিন থ্রোয়ের ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। তাঁর কথায়, “জ্যাভলিন ছোঁড়ার সময় কোমর থেকে শরীরের উপরের অংশের শক্তি ব্যবহার করতে হয়। ক্রিকেট আমাকে শরীরের সমন্বয় ও নিয়ন্ত্রণ শিখিয়েছে। শ্রীলঙ্কায় ক্রিকেট খুব জনপ্রিয় কিন্তু এখন ধীরে ধীরে অ্যাথলেটিক্সেও মানুষের আগ্রহ বাড়ছে। এতে আমি খুব আনন্দিত।”
ফাইনালে প্রথমে ৮০.৯৭ মিটার ও ৮৫.৮৩ মিটার দূরত্বে ছুঁড়ে সোনা জয়ের তালিকায় প্রথমের দিকে ছিলেন নীরজ কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে দেন রুমেশ। নিজের দ্বিতীয় প্রচেষ্টায় ৮৯.৭৫ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সবাইকে হতবাক করে দেন। এই দূরত্ত্ব কেউ পার করতে পারেননি ফলে শ্রীলঙ্কার অ্যাথলেটিক্সের ইতিহাসে প্রথম সোনা জিতলেন ২৩ বছরের রুমেশ।
