Census 2026: মধ্যরাতেই শুরু রাজ্যে জনগণনার প্রক্রিয়া, নিজের ফর্ম কীভাবে পূরণ করবেন?
West Bengal Census Begins: কলকাতার জনগণনার ক্ষেত্রেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন। কারণ বিভিন্ন জেলা এবং অন্যান্য রাজ্য থেকে অনেকেই এসে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাই নিজে থেকে ফর্ম পূরণ পদ্ধতির শেষ হওয়ার পর, বাড়ি বাড়ি সরকারি কর্মীরা পৌঁছবেন নথি খতিয়ে দেখতে।

কলকাতা: আজ, ১ অগস্ট শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা (Census)। দেশজুড়েই জনগণনা হচ্ছে। এই প্রথম ডিজিটাল জনগণনা হচ্ছে। জনগণনার প্রথম ধাপ হিসাবে আগামী ১৫ দিন সেল্ফ এনুমারেশন (Self Enumeration) প্রক্রিয়া চলবে। ১ থেকে ১৫ অগস্ট রাজ্যের বাসিন্দারা বাড়ি বসে, অনলাইনে নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন।
জনগণনার প্রথম ধাপে সেল্ফ এনুমারেশন করার জন্য শুক্রবার রাত ১২টা থেকেই প্রয়োজনীয় লিঙ্ক সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার তথা কলকাতার প্রিন্সিপাল সেন্সাস অফিসার স্মিতা পান্ডে।
https://se.census.gov.in – এই লিঙ্কে ক্লিক করেই নিজে থেকে জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন সাধারণ মানুষ। ডিজিটাল সেন্সাস বা জনগণনার ফর্ম পূরণ হওয়ার পর একটি নির্দিষ্ট কোড নম্বর আসবে। যা পরবর্তীকালে আধিকারিকরা বাড়িতে এলে, দেখাতে হবে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে স্মিতা পান্ডে বলেন, “কলকাতায় ১৪৪টি ওয়ার্ডে মোট ৮১০৫টি বাড়ির তালিকা পাওয়া গিয়েছে। মোট ৮২০০ জনকে জনগণনার কাজে ব্যবহার করা হচ্ছে। যাদের মধ্যে ১৪০০ জন সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন।”
কলকাতার জনগণনার ক্ষেত্রেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন। কারণ বিভিন্ন জেলা এবং অন্যান্য রাজ্য থেকে অনেকেই এসে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাই নিজে থেকে ফর্ম পূরণ পদ্ধতির শেষ হওয়ার পর, বাড়ি বাড়ি সরকারি কর্মীরা পৌঁছবেন নথি খতিয়ে দেখতে।
আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণনার জন্য। শহরের ৭০০টি সরকারি স্কুল এবং ৩০০টি বেসরকারি স্কুলকে বাছাই করা হয়েছে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে ১০টি পরিবারকে সচেতন করার জন্য করানোর জন্য এই স্কুলগুলির অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাহায্য নেওয়া হবে। শনিবার থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোতে যাবেন জনগণনার আধিকারিকরা। প্রতি বরো পিছু পাঁচটি করে টিম থাকবে বলেই জানা গিয়েছে।
