IPL 2026 Qualifier 1, RCB vs GT Scorecard: ধরমশালায় রজত ঝড়, গুজরাটকে উড়িয়ে টানা দুইবার ফাইনালে আরসিবি!
IPL Qualifier 1 : এই জয়ের ফলে আরসিবি পৌঁছে গেল ফাইনালে। আগামী রবিবার তারা আহমেদাবাদে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের সঙ্গে। আগামীকাল রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচ যে জিতবে, সে গুজরাটের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার টু। সেই ম্যাচের জয়ীর সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফির সন্ধানে নামবেন রজতরা।

ধরমশালা : বেশি নয়, দুই বছর পিছিয়ে যান। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে ইডেনে (Eden Gardens) মাত্র ১ রানে হারল আরসিবি (Royal Challengers Bengaluru)। ৮ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচ জয় ও ৭ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ হয়ে একপ্রকার আইপিএলের শেষ চারে পৌঁছনোর আশা শেষই হয়ে গিয়েছিল আরসিবির। তারপর থেকেই যেন আসল ‘কামব্যাক’ ঘটাল আরসিবি। সেই বছরে ৬ ম্যাচে পরপর জিতে আরসিবির শেষ চারে যাওয়ার ‘রূপকথা’ তো সবাই জানে। পরের বছর তো কামব্যাক নয়, প্রথম ম্যাচ থেকেই একাধিপত্য দেখিয়ে ১৮ বছর পর প্রথমবারের জন্য ট্রফির স্বাদ পেলেন কোহলিরা (Virat Kohli)। সেখান থেকে এবছর – টানা তিন সিজন দেখে মনে হচ্ছে এই দল যেন আক্ষরিক অর্থেই ‘কামব্যাক কিং’। আজ গুজরাটের (Gujrat Titans) বিরুদ্ধে ৯২ রানের বিশাল ব্যবধানে জিতে টানা দুইবার ফাইনালে পৌঁছে গেল রজত পাতিদারের (Rajat Patidar) আরসিবি। আগামী ৩১ মার্চ ‘টাইটেল ডিফেন্ড’ করতে নামবেন কোহলিরা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুবমান গিল। আজ ফিল সল্ট থাকা সত্ত্বেও তাঁকে খেলায়নি আরসিবি ম্যানেজমেন্ট। ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি ও ভেঙ্কটেশ আইয়ার। আজকে ভেঙ্কটেশের ব্যাট থেকে বেরোল ৭ বলে ১৯ রানের ইনিংস। তাঁর আউট হওয়ার পর দেবদত্ত পাদিক্কালের (৩০) সঙ্গে ভাল পার্টনারশিপ করলেন বিরাট। ৭২ রান করলেন দু’জন। কোহলি করলেন ২৫ বলে ৪৩। এই আইপিএলে ৩৪ নম্বর ম্যাচেও হোল্ডারের বল কোহলির ব্যাটে লেগে উইকেট ছুঁয়ে গিয়েছিল। আজকেও সেই এক জিনিস ঘটল। এরপর থেকেই যেন খেলা ঘুরিয়ে দিলেন রজত ও ক্রুণাল। প্রথমে ধীরে শুরু করেও প্রবলভাবে খেলায় ফিরল আরসিবি। কুলবন্ত খেজরোলিয়ার এক ওভারে ২৮ রান তুললেন রজত ও ক্রুণাল। সেখানেই যেন ম্যাচ ফিরে এল আরসিবির ঘরে। ৩৩ বলে ৯৩ রানে অপরাজিত রইলেন ক্যাপ্টেন ‘রাপা’। অতীতে ২০২২ সালের এলিমিনেটরে ইডেন গার্ডেন্সে লখনৌয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রজত। আজ ৭ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না আরসিবি ক্যাপ্টেন। ২৮ বলে ৪৩ করলেন ক্রুণাল। ৫ বলে ১৫ রানে অপরাজিত রইলেন জিতেশ শর্মা। শেষ অবধি ২০ ওভার শেষে আরসিবি তুলল ২৫৪/৫, যা আইপিএলের প্লে-অফে কোনও দলের করা সর্বোচ্চ রান। অতীতে এই রেকর্ড ছিল পাঞ্জাবের, যেখানে গতবছর মুম্বইয়ের ২০৪ রান তুলে দিয়েছিল শ্রেয়সের পাঞ্জাব।
জবাবে ব্যাট করতে নেমে দুর্ভাগ্য তাড়া করল গুজরাটকে। জেকব ডাফির বল বাউন্ডারি মেরেও ব্যাট হাত থেকে ছিটকে উইকেটে লাগল সাই সুদর্শনের (১৪)। ভুবির বলে বোল্ড হয়ে ২ রান করেই ফিরলেন অধিনায়ক গিল। জোস বাটলার ১১ বলে ২৯ রান করলেও তিনিও বোল্ড হলেন হ্যাজলউডের বলে। ৫ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। ৯ ওভারের মধ্যে সংখ্যাটা হয়েছিল ৬। এরপর স্বাভাবিকভাবেই আর কামব্যাক করা হল না গুজরাটের। ২০ ওভার শেষে তাদের স্কোর ১৬২। ৯২ রানে এই আইপিএলে দ্বিতীয়বার গুজরাট বধ করল বেঙ্গালুরু। গুজরাটের হয়ে একা লড়লেন রাহুল তেওয়াটিয়া। ৪৩ বলে ৬৮ করলেন রাহুল। ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিলেন জেকব ডাফি। ২ উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার।
এই জয়ের ফলে আরসিবি পৌঁছে গেল ফাইনালে। আগামী রবিবার তারা আহমেদাবাদে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের সঙ্গে। আগামীকাল রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচ যে জিতবে, সে গুজরাটের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার টু। সেই ম্যাচের জয়ীর সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফির সন্ধানে নামবেন রজতরা। অতীতে টানা দুই বার আইপিএল ট্রফি পেয়েছে মাত্র দুটি দল। ২০১০,২০১১ সালে চেন্নাই ও ২০১৯, ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্স। গতবছর প্রথমবার নিজেদের জার্সিতে ‘তারা’ লাগানোর সুযোগ পেয়েছিল আরসিবি। টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে কি চেন্নাই ও মুম্বইয়ের সঙ্গে এক আসনে বসতে পারবেন কোহলিরা? উত্তর জানা যাবে রবিবার।
