Shikhar Dhawan: অনুমতি ছাড়াই নাম ব্যবহার, পাক ক্রিকেটারদের সঙ্গে খেলার খবরে ক্ষুব্ধ শিখর ধাওয়ান!
Indian Cricket: এশিয়া ওয়ারিয়র্সের ২৪ সদস্যের দলে একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তাঁদের মধ্যে রয়েছেন রাহুল শর্মা, গুরকিরত সিং মান, অভিমন্যু মিঠুন। এছাড়া পাকিস্তানের সোহেল তনভীর, ইফতিকার আহমেদ ও মহম্মদ ইমরানের নামও এই দলে রয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা : প্রাক্তন ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান আবার চর্চায়। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের অংশগ্রহণকারীদের তালিকায় তাঁর নাম প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন ধাওয়ান। তাঁর দাবি, কোনও অনুমতি ছাড়াই টুর্নামেন্টের আয়োজকরা তাঁর নাম ব্যবহার করেছেন। এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন শিখর। মঙ্গলবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে নিজের মত জানান ধাওয়ান।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, এশিয়া ওয়ারিয়র্স দলের হয়ে খেলতে পারেন শিখর। এই দলে একাধিক পাকিস্তানি ক্রিকেটারের থাকার খবরও শোনা গিয়েছিল। সেই তালিকায় ধাওয়ানের নাম দেখে বিস্মিত হন অনেকেই। এরপরেই এক্স-এ নিজের মত জানান প্রাক্তন ভারতীয় ওপেনার। ধাওয়ান লেখেন, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম দেখতে পেয়েছেন তিনি। তাঁর অনুমতি বা সম্মতি ছাড়াই আয়োজকরা তাঁর নাম ব্যবহার করেছেন বলে দাবি করেছেন ধাওয়ান। বিষয়টি মোকাবিলায় তাঁর টিম আইনি পদক্ষেপ করবে বলে জানান তিনি। একই সঙ্গে সংবাদমাধ্যম ও নিজের অনুরাগীদের কাছে তিনি অনুরোধ করেন, কোনও জল্পনাতে বিশ্বাস না করতে।
I have come across my name as a participant in the World T20 Continent Cup. My name has been used by the organisers without my knowledge or permission, and my team will be taking the appropriate legal steps to address this.
I request the media and my fans to not report or rely on any unauthorised announcements. Thank you for your continued love and support. 🙏
— Shikhar Dhawan (@SDhawan25) October 13, 2026
এশিয়া ওয়ারিয়র্সের ২৪ সদস্যের দলে একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তাঁদের মধ্যে রয়েছেন রাহুল শর্মা, গুরকিরত সিং মান, অভিমন্যু মিঠুন। এছাড়া পাকিস্তানের সোহেল তনভীর, ইফতিকার আহমেদ ও মহম্মদ ইমরানের নামও এই দলে রয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় দলে বহুদিন খেলেছেন ধাওয়ান। দেশের হয়ে খেলেছেন ৩৪ টেস্ট, রান করেছেন ২৩১৫। ওডিআইতেও ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। যদিও ২০২৪ সালের ২৪ অগাস্ট সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি।
