
কলকাতা: দেশের কোন প্রান্তে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্ত নেই বলতে পারবেন? প্রশ্নটা কঠিন মনে হতে পারে। কিন্তু উত্তরটা খুব সহজ। কারণ ভারতে এমন কোনও জায়গা নেই যেখানে মাহির ভক্তরা নেই। দেশে তো বটেই, বিদেশের বিভিন্ন প্রান্তেও ধোনির ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বয়স একদিকে বাড়ছে মাহির একইসঙ্গে তাঁর ভক্তকূলও বেড়ে চলেছে। আইপিএল ছাড়া ২২ গজে ধোনির দেখা মেলে না। তাই সারা বছর তাঁর অনুরাগীরা আইপিএলের অপেক্ষায় থাকেন। সময়, সুযোগ পেলেই সকলে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে দেখা গিয়েছিল দেশের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে (Saina Nehwal)। সেখানে ধোনিকে নিয়ে মনের কথা শুনিয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পাওয়া ভারতীয় তারকা সাইনা।
হায়দরাবাদের শাটলারকো সেখানে সঞ্চালক প্রশ্ন করেন, তাঁর স্বামী ধোনির ভক্ত কিনা, তা নিয়ে। এ বিষয়ে উত্তর দিতে গিয়ে সাইনা বলেন, ‘কে ধোনির ফ্যান নয় বলুন তো, সকলেই তো ওর ভক্ত। ধোনির সঙ্গে বেশি কথাবার্তা হয়নি। কিন্তু আমি যতটা ওনাকে জানি, তা থেকে বলতে পারি যে উনি সব ধরনের খেলার বিষয়ে খবর রাখেন। কাশ্যপের সঙ্গেও যখন ওনার কথা হয়েছিল তাতে বোঝা গিয়েছিল, তিনি খবর রাখেন কে কোথায় কেমন পারফর্ম করেন। স্পোর্টস পার্সনরা খবর রাখেন যে কোন স্পোর্টসে কী হচ্ছে, কে কেমন পারফর্ম করছে। আমি তো ওনাকে ব্যাডমিন্টন খেলতেও দেখেছি। উনি ব্যাডমিন্টনে কোন ইভেন্টে কেমন ফলাফল হচ্ছে সে বিষয়েও খোঁজ রাখেন।’
Who is not a fan of Dhoni? : Saina Nehwal | #sainanehwal #MSDhoni #Dhoni pic.twitter.com/yg0mSdTgRz
— Shubhankar Mishra (@shubhankrmishra) August 11, 2024
এর আগে এক পডকাস্টে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপ জানিয়েছিলেন, একটি বিয়েবাড়িতে ধোনির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। সেখানে তিনি নিজেকে তাঁর সঙ্গে পরিচয় করিয়েছিলেন, সাইনার স্বামী বলে। সেখানে ধোনি তাঁকে জানিয়েছিলেন যে তিনি জানেন, পারুপল্লী ব্যাডমিন্টন খেলেন। তাঁকে নিজেকে সাইনার স্বামী বলে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লী জানান, একেবারে পুরনো বন্ধুর মতো তাঁর সঙ্গে কথা বলেছিলেন ধোনি।