Tarak Singh: দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন আগেই, এবার পদত্যাগ করতে চলেছেন তারক সিং, ফের ধাক্কা তৃণমূলে?
Tarak Singh May resign: জানা গিয়েছে, পদত্যাগ করতে চলেছেন কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ তারক সিং। আজ বিকেলেই তাঁর পদত্যাগের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। দলের কর্মকাণ্ড নিয়ে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে।

কলকাতা: ভোটে ভরাডুবির পর থেকে ছন্নছাড়া তৃণমূল (TMC)। রাজ্যের ক্ষমতা হাতছাড়া হলেও পুরসভাগুলি (Kolkata Municipal Corporation) তৃণমূলের দখলে ছিল। কিন্তু, এখন সেখানেও ভাঙন ধরতে শুরু করেছে। কাউন্সিলরদের (TMC Councillor) ইস্তফা,একের পর এক বোর্ড ভাঙছে। কলকাতা পুরনিগমের টালমাটাল পরিস্থিতিও নজরে এসেছে। এবার আরও একটা খবর সামনে আসছে। জানা গিয়েছে, পদত্যাগ করতে চলেছেন কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ তারক সিং। আজ বিকেলেই তাঁর পদত্যাগের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। দলের কর্মকাণ্ড নিয়ে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। সেই জায়গা থেকেই তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
আজই পদত্যাগের সম্ভাবনা?
পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদের পদে ছিলেন তারক সিং (Tarak Singh)। আজ বিকেল ৪ টে নাগাদ নিজের দফতর থেকে পদত্যাগ করতে পারেন। পুরনিগমের কমিশনারের হাতে তিনি পদত্যাগ পত্র তুলে দেবেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন তারক সিং। দলের ডাকা বৈঠকে উপস্থিত থাকছিলেন না। এক সপ্তাহে দু’বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পৌরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদ সদস্যদের নিয়ে বৈঠক হয়। একটা বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না।
দলের বিরুদ্ধে কী বলেছিলেন?
সম্প্রতি দলের কর্মকাণ্ড নিয়ে সরব হয়েছিলেন। দলের ভূমিকা নিয়ে সমালোচনায় বিদ্ধ করেছিলেন দলের সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তিনি অভিযোগ করেছিলেন, “কর্মী এবং সমর্থকদের কোনওভাবেই সুরক্ষা দিচ্ছে না দলীয় নেতৃত্ব। যে কারণে ওই ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী শোনার তাঁর কোন সদিচ্ছা নেই।” তৃণমূল সাধারণ কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না বলে অভিযোগ করেন। জানা গিয়েছে, সেই জায়গা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে নিকাশি ব্যবস্থা থেকে পদত্যাগ করবেন। এভাবে কোনও প্রশাসনিক কাজ চালানো যাবে না বলে মনে করছেন তিনি।
