Bankura News: বাঁকুড়া নিয়ে এবার বড় উদ্যোগ নিতে চলেছেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী
রাজ্যে পালাবদলের পর এবার রাজ্যের পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্যের সরকার। তারই অঙ্গ হিসাবে রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ সরেজমিনে খতিয়ে দেখেন বিষ্ণুপুরের পর্যটন পরিকাঠামো ও সম্ভাবনা। কথা বলেন স্থানীয় পর্যটন গাইড থেকে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে।

বাঁকুড়া: কর্মসংস্থান বাড়বে। ক্ষমতায় আসার আগেই বলেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সেই মতো শিল্পের পর এবার জোর দেওয়া হল পর্যটনে। রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী ঘুরে দেখলেন বিষ্ণুপুরের পর্যটন পরিকাঠামো। খতিয়ে দেখলেন সম্ভাবনাও।
বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পতালুক পরিদর্শন করে গতকালই ওই তালুকে থাকা ১৫টি বন্ধ কারখানা খোলার আশ্বাস দিয়েছিলেন। এবার রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বিষ্ণুপুর শহরে গিয়ে একের পর এক টেরাকোটা ও মাকড়া পাথরের তৈরি মন্দির ঘুরে খতিয়ে দেখলেন বিষ্ণুপুরের পর্যটন পরিকাঠামো। খতিয়ে দেখলেন পর্যটন শিল্পের বিভিন্ন সম্ভাবনাও।
ইতিহাস ও ঐতিহ্যের শহর বিষ্ণুপুর। শুধু স্থাপত্য ও শিল্পে সমৃদ্ধ নয়, প্রাচীন কাল থেকেই মল্লরাজাদের এই রাজধানি তার সমৃদ্ধ সংস্কৃতি ও পরম্পরাকে আজো বয়ে নিয়ে চলেছে। যার টানে আজও বছরভর দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন রাজ্যের এই প্রান্তিক শহরটিতে। রাজ্যের পর্যটন মানচিত্রে বিষ্ণুপুর অন্যতম স্থান পেলেও বিষ্ণুপুর শহরের পর্যটন পরিকাঠামো মাঝেমধ্যেই হতাশ করে পর্যটকদের। শহরের সংকীর্ণ রাস্তাঘাট, অপরিস্কার ও বেহাল রাস্তাঘাট, যথেষ্ট আলোর অভাব তো আছেই, বিষ্ণুপুরের পর্যটনশিল্পকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রেও এতকাল রয়ে গেছে বড় একটা খামতি।
রাজ্যে পালাবদলের পর এবার রাজ্যের পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্যের সরকার। তারই অঙ্গ হিসাবে রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ সরেজমিনে খতিয়ে দেখেন বিষ্ণুপুরের পর্যটন পরিকাঠামো ও সম্ভাবনা। কথা বলেন স্থানীয় পর্যটন গাইড থেকে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে। পরে তাঁর দাবি বিষ্ণুপুরের পর্যটনের ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে তা তিনি জেনেছেন। দ্রুত সেই সমস্যাগুলি সমাধান করা হবে।
