Cooking Gas Crisis: শেষ সম্বল কেমিস্ট্রি ল্যাবের গ্যাস! তা দিয়েই হল আজকের মিড ডে মিল, কাল কী হবে?
Cooking Gas Crisis: স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৪৫০ জন। প্রায় প্রতিদিনই গড়ে ৩৫০ জন পড়ুয়া মিড ডে মিল খায় স্কুলে। এই ৩৫০ জনের রান্না করার জন্য মাসে কমবেশি ৬ থেকে ৭ টি সিলিন্ডার প্রয়োজন হয়। গত কয়েকদিন ধরে নতুন গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জটিলতা ও হোম ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় ধীরে ধীরে মজুত গ্যাসও শেষ হতে শুরু করে।

বাঁকুড়া: গ্যাসের আকাল। প্রভাব এবার মিড ডে মিলেও। স্কুলের রান্নাঘরে মজুত থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে। শেষ সম্বল হিসাবে কেমিস্ট্রি ল্যাবরেটারিতে যে একমাত্র গ্যাস সিলিন্ডারটি ছিল সেই গ্যাসেই আজ রান্না হয়েছে মিড ডে মিল। আজ তো হল, কিন্তু কাল কী হবে? কীভাবেই বা সামাল দেওয়া যাবে ল্যাবরেটারির চাহিদা, তা নিয়েই রীতিমতো চিন্তায় বাঁকুড়া শহরের অন্যতম নামী স্কুল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৪৫০ জন। প্রায় প্রতিদিনই গড়ে ৩৫০ জন পড়ুয়া মিড ডে মিল খায় স্কুলে। এই ৩৫০ জনের রান্না করার জন্য মাসে কমবেশি ৬ থেকে ৭ টি সিলিন্ডার প্রয়োজন হয়। গত কয়েকদিন ধরে নতুন গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জটিলতা ও হোম ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় ধীরে ধীরে মজুত গ্যাসও শেষ হতে শুরু করে। গতকাল মিড ডে মিলের রান্নাঘরে মজুত সমস্ত গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়। বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় অগত্যা কেমিস্ট্রি ল্যাবরেটারির গ্যাসেই হয়েছে মিড ডে মিলের রান্না।
কেমিস্ট্রি ল্যাব এখন গ্যাস শূন্য। ল্যাবে থাকা সেন্ট্রাল পাইপ লাইন দিয়ে গ্যাস ল্যাবের ওয়ার্কিং টেবিলে না আসায় কীভাবে হবে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল? কীভাবেই বা উচ্চমাধ্যমিকের বাকি থাকা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করা যাবে, কীভাবেই বা চলবে স্কুলের মিড ডে মিল তা নিয়ে কার্যত দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের দাবি বিকল্প উপায় খুঁজতে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি ডাকা হয়েছে পরিচালন সমিতির বৈঠক।
