
পাত্রসায়র: রাস্তার ধারে টাঙানো তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার সোনামুখী বিধানসভার পাত্রসায়ের ব্লকের পটাশপুর এলাকায়। এদিন সকালে তৃণমূলের দলীয় কর্মীরা দেখেন রাস্তার ধারে টাঙানো অসংখ্য দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসতেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। এ নিয়ে এলাকার রাজনৈতিক মহলেও তীব্র চাপানউতোর চলছে।
ভোটের প্রচারে অন্যান্য জায়গার মতোই বাঁকুড়ার সোনামুখী বিধানসভার সর্বত্রই প্রচারের উদ্দেশ্যে পতাকা, ফেস্টুন লাগিয়েছে সমস্ত রাজনৈতিক দল। তৃণমূলের দাবি সোনামুখী বিধানসভার অন্তর্গত পটাশপুর গ্রামে প্রচারের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের নিয়ম মেনে রাস্তার দু’দিকে দলের পতাকা টাঙিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন সকালে স্থানীয় কর্মীরা দেখেন রাস্তার দু’দিকে টাঙানো তৃণমূলের সমস্ত পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ক্ষোভে ফেটে পড়েন ঘাসফুল শিবিরের কর্মীরা।
তৃণমূলের দাবি নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি কর্মীরাই এই কাণ্ড করেছে। এলাকার তৃণমূল প্রার্থী কল্লোল সাহা ঘটনার কড়া নিন্দা করেছেন। অভিযোগ উড়িয়ে সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির দাবি, এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত নয়। এলাকায় সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে তৃণমূলেরই একাংশ এই কাজ করেছে। যদিও এলাকার তৃণমূল নেতারা তা মানতে নারাজ। ফুঁসছেন নিচুতলার দলীয় কর্মীরা তাঁদের ইঙ্গিত যদিও বিরোধীদের দিকেই। এদিকে এবার রাজ্যে দুই দফায় ভোট হতে চলেছে। ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোট। ওই দিন ভোট হবে বাঁকুড়ায়। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল।