Trinamool Congress: ভোট ঘোষণার আগেই ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ‘বহিরাগত প্রার্থী নয়’, পোস্টার ঘিরে বিতর্ক
Bankura: এবারের বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। ফের কী প্রাক্তন বিধায়ক অরুপ খাঁর উপর তৃণমূল ভরসা করবে নাকি তুলে আনা হবে নতুন মুখ? জল্পনার মাঝেই এবার বাঁকুড়ার নিকুঞ্জপুর এলাকায় পড়ল হাতে লেখা, একাধিক ছাপানো পোস্টার। ফের সেই বহিরাগত ইস্যু।

বাঁকুড়া: ভোট ঘোষণার আগেই বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় প্রার্থী ঘোষণার আগেই বহিরাগত প্রার্থী নয়, এই দাবি করে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুরে পড়ল তৃণমূলেরই পোস্টার। তা নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। ঘুরিয়ে বিজেপির দিকে আঙুল তুলছেন ঘাসফুল শিবিরের নেতারা। তৃণমূলের দাবি, হার নিশ্চিত জেনে এই পোস্টার দিয়েছে বিজেপি। যদিও বিজেপির পাল্টা দাবি এই ঘটনা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দের বহিঃপ্রকাশ।
একসময়ের ফরোয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রে ২০১১ সাল ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পরপর দুবার তৃণমূলের টিকিটে জয়ী হন অরুপ খাঁ। ২০২১ সালে পুনরায় অরুপ খাঁ তৃণমূলের প্রার্থী হলে বিজেপির অমরনাথ শাখার কাছে পরাজিত হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উঠতে থাকে এই আসনে বড় ইস্যু হয়ে উঠেছিল বহিরাগত ইস্যু। সুর চড়িয়েছিল বিজেপি। তৃণমূলের অন্দরেও অরুপ খাঁকে নিয়ে ক্ষোভ কম তৈরি হয়নি।
এবারের বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। ফের কী প্রাক্তন বিধায়ক অরুপ খাঁর উপর তৃণমূল ভরসা করবে নাকি তুলে আনা হবে নতুন মুখ? জল্পনার মাঝেই এবার বাঁকুড়ার নিকুঞ্জপুর এলাকায় পড়ল হাতে লেখা, একাধিক ছাপানো পোস্টার। ফের সেই বহিরাগত ইস্যু। পোস্টারে লেখা রয়েছে বহিরাগত কোনও প্রার্থীকে এলাকার মানুষ মেনে নেবে না। পোস্টারের প্রেস লাইনে লেখা রয়েছে তৃণমূলের কর্মীবৃন্দ। যদিও এই পোস্টার তৃণমূল কর্মীদের মানতে নারাজ তৃণমূলের ব্লক নেতৃত্ব। মানছেন না ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বিটও। তিনি বলছেন, হার নিশ্চিত জেনে বিজেপি এই পোস্টার দিয়েছে। পাল্টা এই পোস্টারের জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দকে দুষেছে বিজেপি। সুর চড়াচ্ছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি রাজকুমার সরকার।
