
বাঁকুড়া: নির্বাচন এখনও ঢের দেরি। কমিশনের তরফে এখনও ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ। কিন্তু তা বলে পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলি। মঞ্চ থেকে একে অপরকে আক্রমণের পাশাপাশি সমানতালে চলছে দেওয়াল দখলের লড়াইও। বিভিন্ন ইস্যুতে ছড়ায় ও ব্যঙ্গচিত্রে ভরছে শাসক বিরোধীদের দেওয়াল লিখন। দেওয়াল দখলের লড়াইয়ে ভোটের উত্তাপ ক্রমেই চড়ছে বাঁকুড়ার ওন্দায়।
বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্র একসময় ছিল বাম শরিক ফরোয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় কেন্দ্রটি দখল করে তৃণমূল। কিন্তু ১০ বছরের মাথায় একুশের নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূলকে সরিয়ে ওই কেন্দ্র দখল করে বিজেপি। স্বাভাবিকভাবেই কেন্দ্রটি ফের নিজেদের পক্ষে ফেরাতে যেমন মরিয়া রাজ্যের শাসক দল তেমনই বিরোধী বিজেপির কাছে কেন্দ্রটি ধরে রাখাও অন্যতম বড় চ্যলেঞ্জ। ওন্দা বিধানসভা কেন্দ্রের এই প্রেস্টিজ ফাইটে নির্বাচনের বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী দুই শিবিরই। বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও প্রতি আক্রমণ তো চলছিলই এবার শুরু হল দেওয়াল দখলের লড়াই।
প্রচারের কোনও মাধ্যমেই বিণা রণে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দুই দলের তরফেই প্রার্থীর নাম ছাড়াই শুরু হয়েছে দেওয়াল লিখন। শাসকদল ছড়ার আকারে বিভিন্ন উন্নয়নের বার্তা তুলে ধরে যেমন দেওয়াল লিখন শুরু করেছে তেমনই রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে ব্যঙ্গ চিত্র সহযোগে দেওয়াল লিখছে বিরোধী পদ্মফুল শিবিরও। বিজেপির দেওয়াল লিখনে স্থান পাচ্ছে সরকার বদলের পর কোন কোন কাজকে আগ্রাধিকার দেওয়া হবে তার ফিরিস্তিও। দেওয়াল লিখনে শাসক বিরোধী এই প্রতিযোগিতা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ওন্দার সাধারণ মানুষ।