BJP in SIR Protest: দিল্লিতে ফুঁসছেন, পাল্টা SIR হয়রানি নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলে রাজ্যজোড়া আন্দোলনে বিজেপি

SIR in Bengal: রাজ্যের শাসকদলের অঙ্গুলিহেলনে ছোট ছোট ভুলের কারণে ভোটারদের হয়রান করার অভিযোগ তুলে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব বাঁকুড়ার জেলা শাসকের দফতরে হাজির হয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে।

BJP in SIR Protest: দিল্লিতে ফুঁসছেন, পাল্টা SIR হয়রানি নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তুলে রাজ্যজোড়া আন্দোলনে বিজেপি
তুমুল আন্দোলনে বিজেপি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 02, 2026 | 6:47 PM

এসআইআর নিয়ে আতঙ্কের পিছনে অন্য়তম প্রধান হাত রয়েছে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর স্পষ্ট কথা, “প্রথমদিন থেকে লাগাতার ভয় দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। সমস্ত লোকের নামের বানান ভুল, পদবির বানান ভুল। মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। বিএলও, ইআরও, এইআরও-দের একাংশকে দিয়ে এ কাজ করাচ্ছে আইপ্যাক। ইচ্ছা করে নাম ও পদবির বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করা হয়েছে।” এবার এসআইআর নিয়ে গোটা রাজ্যেই পাল্টা আন্দোলনে নামল বিজেপি। 

বাঁকুড়ায় বিক্ষোভ 

রাজ্যের শাসকদলের অঙ্গুলিহেলনে ছোট ছোট ভুলের কারণে ভোটারদের হয়রান করার অভিযোগ তুলে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব বাঁকুড়ার জেলা শাসকের দফতরে হাজির হয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা শাসকের দফতরে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশান দেয় বিজেপি। বিজেপির দাবি নির্বাচন কমিশন এ রাজ্যে এস আই আর এর কাজের জন্য যথেষ্ট সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগের নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্যের সরকার তা করেনি। ফলে ভোটারদের তথ্য আপলোড করার ক্ষেত্রে বিপুল ভুল হয়েছে। আর সামান্য ভুলত্রুটির কারণে ভোটারদের শুনানি কেন্দ্রে ডেকে হয়রান করা হচ্ছে।

হাওড়ায় পুড়ল মমতার কুশপুতুল 

একই ছবি দেখা গেল হাওড়ায়। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে বিক্ষোভ বিজেপির। হাওড়া জেলা সদর বিজেপির পক্ষ থেকে মিছিল করে জেলাশাসককে ডেপুটেশন দিতে তাঁর দফতরের দিকে এগিয়ে আসেন আন্দোলনকারীরা। হাওড়া কর্পোরেশনের সামনে মহাত্মা গান্ধী রোডে পুলিশের করা ব্যারিকেডে আটকে যায় মিছিল। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। শেষে ১০ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন।

হুগলি থেকে মেদিনীপুরেও বিক্ষোভ 

হুগলিতে এসআইআর শুনানির কাজে শাসকদলের দাদাগিরি ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডিএম অফিস অভিযান করা হয়। শেষে ডেপুটেশন দেন বিজেপি কর্মীরা। মেদিনীপুরেও চলল বিক্ষোভ। মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।