India Bangladesh Border Tension: মেখলিগঞ্জ সীমান্তে উত্তেজনা, ভারতীয় কৃষককে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার অভিযোগের উত্তাল এলাকা
Indian Farmer Abduction Mekhliganj Border Incident: ঘটনার পরই নড়েচড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। খুব শীঘ্রই দুই দেশের বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

মেখলিগঞ্জ: আবারও উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তে। কোচবিহারের মেখলিগঞ্জে এক ভারতীয় কৃষককে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের কাংলাতলি সংলগ্ন কাঁটাতারের গেট নম্বর ৬ এলাকায়। অপহৃত কৃষকের নাম সদেব রায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই সীমান্ত সংলগ্ন জমিতে চাষ করতে গিয়েছিলেন সদেব রায়। সেই সময় আচমকাই কাঁটাতারের ওপার থেকে কয়েকজন তাঁকে জোর করে বাংলাদেশে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে আগের দিনের উত্তেজনা। জানা গিয়েছে, ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ রবার বুলেট ছুঁড়ে এক বাংলাদেশি যুবককে আহত করে। অভিযোগ, সেই ঘটনারই বদলা নিতে ওই যুবকের পরিবারের সদস্যরা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পরই নড়েচড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। খুব শীঘ্রই দুই দেশের বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। কীভাবে অপহৃত কৃষককে দ্রুত ফিরিয়ে আনা যায় তার জন্য আলোচনা চলছে বলে সূত্রের খবর। যদিও এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা, সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। এখন দেখার, পতাকা বৈঠকের মাধ্যমে কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। চিন্তা বাড়ছে সদেব রায়ের পরিবারে।
