৮০ হাজার লিটার ইথানল নিয়ে কারখানা থেকে বেরিয়েছিল দুটি ট্যাঙ্কার, মাঝ রাস্তায় আসল ‘গেম’, জিটি রোডের ধারে যে দৃশ্য চোখে পড়ল…
Ethanol Stealing: আবগারি দফতর সূত্রে খবর, আউশগ্রামের একটি ইথানল কারখানা থেকে দুটি ট্যাঙ্কার মোট ৮০ হাজার লিটার ইথানল নিয়ে হাওড়ার মৌরিগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথে মেমারী থানার রসুলপুরে জিটি রোডের ধারে ট্যাঙ্কার থামিয়ে ইথানল কাটিং করা হচ্ছিল বলে অভিযোগ।

পূর্ব বর্ধমান: পেট্রোল-ডিজেল চুরির ঘটনা আকছার সামনে আসে। এবার প্রকাশ্যে এল ইথানল কাটিং চক্রের কারবার। পূর্ব বর্ধমানের মেমারীতে ব্যস্ততম জিটি রোডের ধারে ট্যাঙ্কার থেকে ইথানল কাটিং করার সময় হাতেনাতে তিনজনকে পাকড়াও করল আবগারি দফতর। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি ইথানল বোঝাই ট্যাঙ্কার এবং ছ’টি ব্যারেলে থাকা প্রায় ১২০০ লিটার ইথানল।
ধৃতদের নাম অভিজিৎ কোনার, বাল্মীকি কুমার ও দীপক কুমার। অভিজিতের বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসায়। বাকি দু’জন বিহারের নওদা জেলার বাসিন্দা বলে আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে।
কীভাবে ইথানল কাটিং চলছিল?
আবগারি দফতর সূত্রে খবর, আউশগ্রামের একটি ইথানল কারখানা থেকে দুটি ট্যাঙ্কার মোট ৮০ হাজার লিটার ইথানল নিয়ে হাওড়ার মৌরিগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথে মেমারী থানার রসুলপুরে জিটি রোডের ধারে ট্যাঙ্কার থামিয়ে ইথানল কাটিং করা হচ্ছিল বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতরের আধিকারিকরা সেখানে অভিযান চালান। ঠিক সেই সময় ট্যাঙ্কার থেকে ইথানল বের করে ব্যারেলে ভরার কাজ চলছিল। ঘটনাস্থল থেকেই তিনজনকে হাতেনাতে ধরা হয়। দুটি ট্যাঙ্কার সহ ছ’টি ব্যারেল থেকে মোট ১২০০ লিটার ইথানল বাজেয়াপ্ত করা হয়েছে।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, ট্যাঙ্কার থেকে ইথানল কাটিং করে কোথায় তা সরবরাহ করা হচ্ছিল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ, বুধবারই বর্ধমান আদালতে পেশ করে আবগারি দফতর। শুনানি শেষে আদালত ধৃতদের দু’দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।
প্রকাশ্যে ট্যাঙ্কার থেকে ইথানল কাটিংয়ের এই কারবারের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে আবগারি দফতর।
