Hospital Surprise Visit: দশে শূন্য দিয়েছেন বর্ধমান মেডিক্যালকে! মেমারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে কী দেখলেন স্বাস্থ্যমন্ত্রী?
Health Minister Hospital Visit: মেমারী হাসপাতাল পরিদর্শন করতে এসেও এক জায়গায় বসে থাকেননি স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখেন তিনি। হাসপাতালে আবর্জনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। হাসপাতালের নানা বিষয় নিয়ে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন।

পূর্ব বর্ধমান: একেবারে ব্যাটিং মুডে স্বাস্থ্যমন্ত্রী। বর্ধমান মেডিক্যাল কলেজের পর, শুক্রবার রাতে মেমারি হাসপাতালে ঝটিকা সফরে এলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। আর এসেই কড়া দাওয়াই দিলেন তিনি। অব্যবহৃত যন্ত্রপাতি, বিল্ডিং ও পরিকাঠামো পড়ে থাকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন।
গত বৃহস্পতিবার থেকে সারপ্রাইজ ভিজিটে বেরিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই শক্তিগড় থানার অন্তর্গত বড়শুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তারপরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন তিনি। হাসপাতাল ও চিকিৎসা পরিষেবার সমস্ত দিক খতিয়ে দেখেন। কথা বলেন রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে।
হাসপাতাল পরিদর্শনের পর মহিলাদের জন্য কড়া নিরাপত্তা এবং পরিকাঠামো আরও জোরদার করার নির্দেশ দিয়েছিলেন। তখনই বলে গিয়েছিলেন যে আবারও সারপ্রাইজ ভিজিটে বেরোবেন তিনি।
যেমন কথা, তেমন কাজ। শুক্রবার বেশ রাতে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে সফর শেষে মেমারি হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। সব কিছু ঘুরে দেখে জানিয়ে দেন, তিনি সন্তুষ্ট নন।
মেমারী হাসপাতাল পরিদর্শন করতে এসেও এক জায়গায় বসে থাকেননি স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখেন তিনি। হাসপাতালে আবর্জনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। হাসপাতালের নানা বিষয় নিয়ে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। যাওয়ার আগে তিনি হাসপাতালে পরিকাঠামো এবং হাসপাতালকে আরও উন্নত করার কথা বলে যান।
মন্ত্রী এদিন বলেন, “অনেকগুলি বেডের মোড়ক খোলাই হয়নি। রেফ্রিজারেটর সহ একাধিক যন্ত্রপাতি-সেগুলিও অব্যবহৃত পড়ে আছে”। ক্রাশ ট্রলি, ওটি টেবিল,পঞ্চাশটির বেশি বেড পড়ে থাকা নিয়ে কোনও কৈফিয়ত শুনতেই রাজি হননি তিনি।
তিনি জানান, কর্মী সংখ্যা কম কি না, তা দেখা হবে। তবে তিনি হিসাব নিয়ে দেখেছেন, কর্মী যা আছে, তা যথেষ্ট। পরিচ্ছন্নতা এবং পরিষেবা নিয়ে কোনও সমঝোতা নয়। এ কথা সাফ জানিয়ে দেন মন্ত্রী। তিনি এও বলেন যে দুটি শীতাতপনিয়ন্ত্রিত ফ্লোর এখনও অব্যবহৃত পড়ে আছে। এই সব অব্যবস্থা দ্রুত দূর করার নির্দেশ দেন তিনি। জানিয়ে দেন, সরকার সব গড়ে দেবে,তা ব্যবহার হবে না, এটা মানা হবে না।
