Hooghly: পোলবায় ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৩
Hooghly: দুজন বার ড্যান্সারকে নিয়ে দাদপুর থেকে চুঁচুড়া ফিরছিল একটি গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন। তাঁর বাড়ি দাদপুরে। গাড়িতে সওয়ার ছিলেন যোগিতা রানা(২১), তাঁর বাড়ি হরিয়ানা, জ্যোতি বিশ্বাস(২১), তিনি রানাঘাটের বাসিন্দা। দাদপুরের একটি পানশালায় ড্যান্সার ছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন সেখ হাসিব আহমেদ নামে এক যুবক। তাঁর বাড়ি দাদপুরে।

হুগলি: রকেটের গতিতে ছুটে আসছে একটা গাড়ি। সামনে পড়ে যায় কুকুর। অতো দ্রুত একটা গাড়ি আসতে দেখে মাঝপথেই ইতঃস্তত হয়ে যায় কুকুরটিও। গাড়ির গতিবেগ কমে না। গাড়ির ধাক্কায় একেবারে শূন্যে উড়ে যায় কুকুরটি। এরপর সজোরে গিয়ে সোজা একটা গাছে ধাক্কা। অভিঘাত এমনই ছিল, ধাক্কা মেরে পিছনে এসে বিপরীতে আরও একটি গাছে ধাক্কা। তারপর থামে গাড়িটি। কিন্তু ততক্ষণে ভিতরে রক্তাক্ত কার্যত দলা পাকিয়ে গিয়েছেন দু’জন। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু। আহত হয়েছেন গাড়ির চালক। সোমবার ভোররাতে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া তারকেশ্বর রোডে। গোটা দুর্ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজন বার ড্যান্সারকে নিয়ে দাদপুর থেকে চুঁচুড়া ফিরছিল একটি গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন। তাঁর বাড়ি দাদপুরে। গাড়িতে সওয়ার ছিলেন যোগিতা রানা(২১), তাঁর বাড়ি হরিয়ানা, জ্যোতি বিশ্বাস(২১), তিনি রানাঘাটের বাসিন্দা। দাদপুরের একটি পানশালায় ড্যান্সার ছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন সেখ হাসিব আহমেদ নামে এক যুবক। তাঁর বাড়ি দাদপুরে।
রাতে গুরাপের আজাদ হিন্দ ধাবায় খাওয়া দাওয়ার পর চুঁচুড়ায় ফিরছিলেন তাঁরা। পোলবার আলিনগর পেড়িয়ে গোটুর দিকে রকেটের গতিতে ছুটছিল গাড়ি। হঠাৎ একটি কুকুর রাস্তা পার হচ্ছিল।কুকুরটিকে উড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সপাটে গিয়ে বাঁদিকের একটি গাছে ধাক্কা মারে। তারপর বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি। বোনেট থেকে ধোঁয়া বেরোতে থাকে। পোলবা থানার টহলদারি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী জানিয়েছেন,ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ সেখানে পৌঁছয়। গাড়িতে থাকা চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের মধ্যে পানশালায় কাজ করতেন দুজন যুবতী রয়েছেন।।
