Kalyan Banerjee on Cpm: ‘নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসো দেখে নেব’, বামেদের বেনজির আক্রমণ কল্যাণের
Kalyan Banerjee on Cpm: আরও আক্রমণাত্মক হয়ে তিনি বলেন, "এই সিপিএমের কাছে কোনও ভদ্রতাও পাবে না সভ্যতাও পাবে না। সব জায়গাতেই শূন্য হয়ে যাচ্ছে। কোথাও কোনও গ্রহণযোগ্যতা নেই। তারপরে ওরা বাঁদরামো করছে। অসভ্যতা করছে। এইতো ডানকুনিতে কয়েকদিন আগে ওদের রাজ্য সম্মেলন হলো তিন দিন ধরে।"

হুগলি: বিতর্কিত মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। বামপন্থী ছাত্রদের কুকুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ। সঙ্গে দেখে নেওয়ারও হুঙ্কার কল্যাণের গলায়। বললেন,”যাদবপুরে বাম-অতিবাম ওসব শক্তিশালী ছেলেমেয়েদের আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়। বাইরে বেরিয়ে এসো দেখে নেব।”
শনিবার যাদবপুরে ওয়েবকুপার একটি অনুষ্ঠান ছিল। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ ওঠে বামপন্থী ছাত্রদের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁকে নিগ্রহের করা হয় বলে দাবি তুলেছেন তিনি। এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনার যদি কোনও দাবি থাকে,তাহলে সেই দাবিকে অফিশিয়ালি জানাতে পারতেন যেতে পারতেন। শিক্ষামন্ত্রী গেছে বলে তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে , এটা আবার কী? বিগত সাত আট বছর ধরে দেখছি যাদবপুরের বাম এবং অতিবাম এরা এমন একটা কাজ করছে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়।”
কল্যাণ বলেন, “এর আগেও দেখেছি ব়্যাগিংয়ের জন্য মৃত্যু হয়েছে। তার আগে আরও অনেক ঘটনা ঘটেছে। এই যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতি বামরা আরজি করার সময় ধুন্ধুমার করেছিল। এরা সিপিএম এর সব গুন্ডা। আর গুণ্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। মহম্মদ সেলিম মূলত একটি গুন্ডা দলের লোক।”
আরও আক্রমণাত্মক হয়ে তিনি বলেন, “এই সিপিএমের কাছে কোনও ভদ্রতাও পাবে না সভ্যতাও পাবে না। সব জায়গাতেই শূন্য হয়ে যাচ্ছে। কোথাও কোনও গ্রহণযোগ্যতা নেই। তারপরে ওরা বাঁদরামো করছে। অসভ্যতা করছে। এইতো ডানকুনিতে কয়েকদিন আগে ওদের রাজ্য সম্মেলন হলো তিন দিন ধরে। কোথাও কি গন্ডগোল হয়েছে? কেউ করতে পেরেছে? আপনারা যদি ব্রাত্য বসুর মতো শিক্ষামন্ত্রীকে মারেন তাহলে আপনাদের রাজ্য সম্মেলনে সবাই তো মার খেয়েই চলে যেত।”
তৃণমূল সাংসদের দাবি, তৃণমূল শান্তির দল। বা কিন্তু আমরা এইসব করি না। এসব অসভ্যতা করবেন না তাহলে কিন্তু আগামী দিনে আপনারাও মিছিল মিটিং করতে পারবেন না। আর যদি ভাবেন যাদবপুরে এসেছে বলে মস্তানি করে নেব, তাহলে পশ্চিমবঙ্গে আরও কিন্তু অনেক মাঠ খালি আছে সেখানেও আমাদের ছেলেরা আছে।”
এরপর তাঁর বক্তব্য, “যাদবপুরে বাম অতিবাম ওসব শক্তিশালী ছেলেমেয়েদের আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়। বাইরে বেরিয়ে এসো দেখে নেব।”

