
উত্তরপাড়া: ইদের সকালেও রাজনীতির উত্তাপ। একদিকে যখন তৃণমূল ও সিপিআইএম প্রার্থীর মধ্যে সৌজন্য বিনিময় ও করমর্দন দেখা গেল, ঠিক তখনই মাঠের বাইরে বাগযুদ্ধে জড়িয়ে পড়ল দুই পক্ষ। সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ। একইসঙ্গে ভোটে হারের আশঙ্কায় তাঁকে আগাম জায়গা দেখে রাখার পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাবে মীনাক্ষী জানালেন, “আজ খুশির দিন, সবাই জিতুক।”
এদিন সকালে উত্তরপাড়ার কোন্নগর ধারসার কাছে একটি ইদগাহে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা সাংসদ-পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা হয়ে যায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে সৌজন্য বিনিময়ও চলে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষণ্য বলেন, “আজকের দিনটি উৎসবের, তাই প্রচার নয়, শুভেচ্ছা জানাতে এসেছি। মীনাক্ষী দেবীকে বললাম ভাল থাকবেন। আমাদের লড়াইটা ব্যক্তির নয়, আদর্শের লড়াই।”
ছেলের সঙ্গে এদিন উত্তরপাড়ায় উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি যদিও মীনাক্ষীকে ছেড়ে কথা বললেন। নাম না করে মীনাক্ষীকে ‘পরিযায়ী প্রার্থী’ বলে কটাক্ষ করেন। কটাক্ষের সুরেই বলেন, ” ৩৪ বছর ধরে যা করেছে তাতে সিপিআইএমের মুখ দেখানোর জায়গা নেই। একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে আর হারছে। এবারও হার নিশ্চিত। তাই সিপিআইএম প্রার্থীকে অনুরোধ করছি পরের বারের জন্য এখনই জায়গা ঠিক করে রাখুন।”
তবে কল্যাণের কড়া সমালোচনার মুখেও যথেষ্ট সংযত থাকতে দেখা গেল গতবারের নন্দীগ্রামের প্রার্থীকে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মীনাক্ষী বলেন, “আজ খুশির ঈদ। সব ধর্মের, সব অংশের মানুষ একসঙ্গে উৎসব পালন করছেন। আজ খুশির দিন, আমি চাই আজ সবাই জিতুক।”