AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambagh Farmers: মাঠ ভরা আউশ-আমন, ‘আর একটাও থাকবে না’, পুজোর পরই বড় ক্ষতির আশঙ্কা, চিন্তা বাড়ছে আলু নিয়েও

Cyclone Arnab Effect: চাষিদের আশঙ্কা, জমিতে জল জমে ধানগাছ নুয়ে পড়লে শোষক পোকার আক্রমণও বাড়তে পারে। সেই পরিস্থিতিতে জমিতে ঢুকে কীটনাশক প্রয়োগ করা কিংবা পাকা ধান কেটে ঘরে তোলা কঠিন হয়ে পড়বে। এর ফলে ধানের শিষে দানা ঠিকমতো না হওয়ায় চিটে ধান বেড়ে যাবে।

Arambagh Farmers: মাঠ ভরা আউশ-আমন, 'আর একটাও থাকবে না', পুজোর পরই বড় ক্ষতির আশঙ্কা, চিন্তা বাড়ছে আলু নিয়েও
উদ্বেগে কৃষকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 24, 2026 | 1:23 PM
Share

আরামবাগ: পুজোর আগে পর্যন্ত একটানা বৃষ্টির আবহাওয়া দেখা গিয়েছে বাংলায়। বন্যা বিধ্বস্ত জেলাগুলি তো বটেই, আরও একাধিক জায়গায় চাষের ক্ষতির মুখোমুখি হয়েছেন কৃষকরা। এখন মাঠ শুকিয়েছে। মাঠ জুড়ে ফলেছে ধান, আলুর সিজনও শুরু হলে বলে, এই আবহেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে কৃষকদের। বাড়ছে উদ্বেগ। একটা ধানও বাঁচানো যাবে তো!

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী মঙ্গলবারের মধ্যেই তোলপাড় করবে বছরের প্রথম সাইক্লোন ‘অর্ণব’। তার প্রভাব নিয়েই উদ্বেগ বাড়ছে আরামবাগের কৃষকদের মধ্যে। আমন ও আউশ ধানের ক্ষতির পাশাপাশি আলু চাষের প্রস্তুতিও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতির খামখেয়ালিপনায় এমনিতেই সমস্যায় পড়েছেন কৃষকরা। কখনও জলসঙ্কট, কখনও অতিবৃষ্টি প্রভাব ফেলছে। আর এবার ‘অর্ণব’।

ঝড়-বৃষ্টির আশঙ্কায় ফসলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। বর্তমানে আরামবাগের বিভিন্ন এলাকায় মাঠে রয়েছে আমন ও আউশ ধান। অনেক জমিতে এখনও আমন ধানের শিষ বের হয়নি, আবার কোথাও শিষ বের হওয়া ও ফুল আসার প্রক্রিয়া চলছে। এই অবস্থায় ভারী বৃষ্টি হলে ও ঝড়ো হাওয়া বইলে ধানগাছ মাটিতে পড়ার আশঙ্কা থাকছে। তাতে ফলন ব্যাপকভাবে কমে যেতে পারে বলে তাঁদের উদ্বেগ।

মাটিতে নুয়ে পড়বে ধান!

চাষিদের আশঙ্কা, জমিতে জল জমে ধানগাছ নুয়ে পড়লে শোষক পোকার আক্রমণও বাড়তে পারে। সেই পরিস্থিতিতে জমিতে ঢুকে কীটনাশক প্রয়োগ করা কিংবা পাকা ধান কেটে ঘরে তোলা কঠিন হয়ে পড়বে। এর ফলে ধানের শিষে দানা ঠিকমতো না হওয়ায় চিটে ধান বেড়ে যাবে। আশঙ্কায় ইতিমধ্যেই অনেকে আউস ধান কেটে আটি বেঁধে নিয়েছেন। কোথাও আলু চাষের জন্য আউশ ধানের ক্ষেতকে প্রস্তুত করা হয়েছে। কৃষকরা বলছেন, ‘একটাও ধান বাঁচাতে পারব তো?’

আলু চাষ নিয়ে বাড়ছে উদ্বেগ

আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। আউশ ধান কাটার পর জমি তৈরি করে জ্যোতি আলু-সহ বিভিন্ন প্রজাতির আলু লাগানোর প্রস্তুতি চলছিল। কিন্তু টানা বৃষ্টি হলে জমিতে জল জমে মাটি কাদায় পরিণত হতে পারে। তাতে আলু রোপণের উপযুক্ত পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চাষের কাজও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। আরামবাগের স্থানীয় কৃষকদের কথায়, জমিতে জল জমে গেলে সামান্য ঝড়ো হাওয়াতেও ধানগাছ নুয়ে পড়তে পারে। এরপর পোকার আক্রমণ বাড়লে সময়মতো ওষুধ দেওয়াও সম্ভব হবে না। পাশাপাশি আলু চাষের জন্য তৈরি জমিও ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।

সব মিলিয়ে, আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আরামবাগের কৃষকরা। সময়মতো অনুকূল আবহাওয়া না মিললে ধান ও আলু দুই ফসলের চাষেই ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

Follow Us