Narendra Modi: হুইল চেয়ারে উলুবেড়িয়ার প্রার্থী, নিজে ঠেলে সামনে এগিয়ে আনলেন মোদী
Narendra Modi: উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরী কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। রবিবার মোদীর সভায় হুইল চেয়ারেই আসেন তিনি। মঞ্চে হুইল চেয়ারে বসতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তাঁকে ধরে চেয়ারে বসিয়ে দেন।

হাওড়া: লোকসভা ভোটের প্রচার পর্বে রবিবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাক টু ব্যাক সভা। ব্যারাকপুর, হুগলি, আরামবাগ হয়ে রবিবাসরীয় প্রচার পর্বের শেষ বেলায় হাওড়ায় সভা করেন তিনি। হাওড়া ও উলুবেড়িয়া দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়েই আয়োজিত হয় মোদীর মেগা জনসভা। উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরী কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। রবিবার মোদীর সভায় হুইল চেয়ারেই আসেন তিনি। মঞ্চে হুইল চেয়ারে বসতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তাঁকে ধরে চেয়ারে বসিয়ে দেন।
প্রার্থীদের পরিচয় পর্ব সারার সময় বিজেপি প্রার্থী যখন উঠতে যাচ্ছিলেন, তখনও প্রধানমন্ত্রী মোদী তাঁকে স্মরণ করিয়ে দেন চোটের কথা। হাতের মুদ্রায় তাঁকে না ওঠার বা ধীরে ওঠার কথা বলেন তিনি। এরপর হুইল চেয়ারে বসা অরুণউদয় পাল চৌধুরীকে নিজে ঠেলে সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসুস্থ দলীয় প্রার্থীর হুইল চেয়ার নিজে ঠেলে এগিয়ে আনেন। আর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকলেন বিজেপি প্রার্থীর পিছনে।
উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে বাংলার উপর বিশেষ নজর দিয়েছে বিজেপির দিল্লির নেতৃত্ব। টার্গেট অন্তত ৩০-৩৫টি আসনে জয় ছিনিয়ে আনা। আজ রবিবাসরীয় প্রচার পর্বে বাংলার চার জায়গায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থ সভাটি ছিল হাওড়ার সাঁকরাইলে। সেখানেই দেখা গেল এই দৃশ্য। অসুস্থ বিজেপি প্রার্থীকে হুইল চেয়ারে বসিয়ে সামনে এগিয়ে আনলেন মোদী।
