Nagrakata: স্কুল পড়ুয়াদের বাড়ি ফেরানোর পথে নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে ভয়াবহ লরি দুর্ঘটনা! মৃত ৩, আহত ১১
Nagrakata Accident: দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপাণি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী। পরে তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। ডিআইজি জানান, মোট ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

নাগরাকাটা: স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়ি ফেরানোর পথে মর্মান্তিক লরি দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন চা শ্রমিক। আহত হয়েছেন অন্তত ১১ জন, যাঁদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আপার চ্যাংমারি এলাকার স্কুল পড়ুয়াদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি লরি ব্যবহার করা হচ্ছিল। কয়েকজন পড়ুয়াকে নামিয়ে দেওয়ার পরেও লরিটিতে প্রায় ১২ থেকে ১৩ জন পড়ুয়া ছিল। বাগানের ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় লরিটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ঘরে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শী সুন্দর ছেত্রী জানান, সেই সময় ঘরের সামনে কয়েকজন বসেছিলেন। লরিটিকে নিয়ন্ত্রণ হারাতে দেখে কয়েকজন দ্রুত সরে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেলেও, দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই দু’জন চা শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শীত সরেন (৪০), হেরিলাল ওরাওঁ (৫০) এবং সুরাগ ওরাওঁ (৪০)। তাঁরা সকলেই ওই চা বাগানের শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপাণি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী। পরে তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। ডিআইজি জানান, মোট ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। হাসপাতালে আহতদের দেখতে যান মালবাজারের সিপিআইএম নেতা রাজা দত্ত, বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক রাকেশ নন্দী-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এদিকে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চা বাগান এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকরা। অভিযোগ, বাগান কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করার কথা থাকলেও তা করা হয়নি, বদলে ঝুঁকিপূর্ণভাবে লরিতে করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
