AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram Minor marriage: ভেবেছিল কম বয়সে বিয়ে করবে! ঝোড়ো অভিযান চালিয়ে ‘পুলিশ বোঝাল’ নাবালিকাকে

স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রামের বাসিন্দা ওই নাবালিকা পরিবারের অমতে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। সোজা পৌঁছায় স্থানীয় একটি মন্দিরে। উদ্দেশ্য ছিল বিয়ে করে সংসার পাতা। তবে বাড়ি ফাঁকা দেখেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

Jhargram Minor marriage: ভেবেছিল কম বয়সে বিয়ে করবে! ঝোড়ো অভিযান চালিয়ে 'পুলিশ বোঝাল' নাবালিকাকে
ঝাড়গ্রামে নাবালিকা উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2026 | 10:01 AM
Share

ঝাড়গ্রাম: বাড়ি থেকে পালিয়ে যুবকের সঙ্গে মন্দিরে পৌঁছে গিয়েছিল চোদ্দ বছরের নাবালিকা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, মালাবদল— সব প্রস্তুতিই প্রায় সারা। আর কিছুক্ষণ হলেই বিয়েটা হয়েই যেত। কিন্তু শেষরক্ষা হল না। খবর পাওয়ার ঠিক ২৫ মিনিটের মাথায় ঝোড়ো অভিযান চালিয়ে বিয়ের আসর থেকেই কিশোরীকে উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ (Jhargram police Station)। পুলিশের ক্ষিপ্র পদক্ষেপে ভেস্তে গেল আরও একটি বাল্যবিয়ে।

স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রামের বাসিন্দা ওই নাবালিকা পরিবারের অমতে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। সোজা পৌঁছায় স্থানীয় একটি মন্দিরে। উদ্দেশ্য ছিল বিয়ে করে সংসার পাতা। তবে বাড়ি ফাঁকা দেখেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। কালবিলম্ব না করে সোজা থানায় গিয়ে গোটা বিষয়টি জানান তাঁরা। অভিযোগ পেতেই মাঠে নামে ঝাড়গ্রাম পুলিশ। মোবাইল লোকেশন ও সোর্স মারফত তথ্য জোগাড় করে শুরু হয় নিখুঁত ট্র্যাক। ঘটনার গুরুত্ব বুঝে একটুও সময় নষ্ট করেননি তদন্তকারীরা। অভিযোগ জানানোর মাত্র ২৫ মিনিটের মাথায় নির্দিষ্ট মন্দিরে হানা দেয় পুলিশ বাহিনী। ততক্ষণে বিয়ের আসরে জাঁকিয়ে বসেছে দুই পক্ষ। সেখান থেকেই অক্ষত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশের এই নজিরবিহীন তৎপরতায় হাঁফ ছেড়ে বেঁচেছে কিশোরীর পরিবার। বড়সড় বিপদের হাত থেকে মেয়েকে ফিরিয়ে দেওয়ায় পুলিশ আধিকারিকদের কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছেন অভিভাবকরা। উদ্ধারের পর অবশ্য ভুল বুঝতে পেরেছে ওই নাবালিকাও। পরিবারের পাশাপাশি সমাজের উদ্দেশে এক স্পষ্ট বার্তা দিয়েছে সে। কিশোরীর বলল, “আবেগের বশে বা কম বয়সে কেউ যেন এমন হঠকারী সিদ্ধান্ত না নেয়। অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসার চেয়ে আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে স্বাবলম্বী করে তোলাই যে জীবনের আসল লক্ষ্য।”

Follow Us